দামুড়হুদায় সেপটিক ট্যাংকে যুবক-যুবতীর মৃত্যু

আপডেট : ২৩ জুলাই ২০২০, ২১:৫২

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা বাজারের বিশিষ্ট মুদি ব্যবসায়ী ইশাদুল হকের মেয়ে আসমা খাতুন (১৮) ও একই প্রতিষ্ঠানের কর্মচারী হাসিবুল ইসলাম (২২) সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে দুজনেরই করুণ মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বিকাল ৪টার দিকে এ ঘটনা ঘটে। খবর পেয়ে দর্শনা ফায়ার সার্ভিস ও কার্পাসডাঙ্গা পুলিশ ফাঁড়ির সদস্যরা উদ্ধার চেষ্টা চালান। জানা গেছে, মুদি ব্যবসায়ী ইশাদুল হক বাজারসংলগ্ন বাড়িতে নতুন সেপটিক ট্যাংক নির্মাণ করেন। গত দুই দিনের বৃষ্টিতে সেপটিক ট্যাংক ভর্তি হয়ে যাওয়ায় তার মেয়ে আসমা পানি পরিষ্কার করতে নিচে নামে। সেপটিক ট্যাংকে নেমে আর উঠছে না দেখে তাকে তুলতে নিচে নামে দোকানে থাকা কর্মচারী হাসিবুল ইসলাম। তাদের দুজনেরই সাড়া না পেয়ে দর্শনা ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। ফায়ার সার্ভিসের সদস্যরা এসে সেপটিক ট্যাংকে অক্সিজেন সরবরাহ করার পর তাদের লাশ উদ্ধার করতে সক্ষম হন। ফায়ার সার্ভিসের সদস্যদের ধারণা, সেপটিক ট্যাংকে বিষাক্ত গ্যাস তৈরি হয়ে অক্সিজেন ঘাটতির কারণেই তাদের মৃত্যু হয়েছে।