বরিশালে চাঁদার দাবিতে মারধর করে টাকা ছিনতাই

আপডেট : ২৩ জুলাই ২০২০, ২১:৫৩

বরিশাল নথুল্লাবাদ বাস টার্মিনালের গোল্ডেন লাইন নামক পরিবহনের কাউন্টার ম্যানেজারকে চাঁদার দাবিতে মারধর করে টাকা ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে। বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন কাউন্টার ম্যানেজার মো. শহিদুল ইসলাম জানান, বুধবার রাত আনুমানিক ১২টার দিকে কাউন্টার বন্ধ করে নথুল্লাবাদ বাস টার্মিনালের পেছনের রাস্তা থেকে বের হওয়ার সময় একদল লোক তাকে ঘিরে ধরে। এ সময় তাকে মারধর করে ২ লাখ ৪৩ হাজার টাকা ও গলায় থাকা স্বর্ণের চেইন ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। এ সময় তার ডাক চিত্কারে টার্মিনালে ডিউটিরত পুলিশ সদস্যরা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। তিনি জানান, বৃহস্পতিবার বিকালে এ বিষয়ে এয়ারপোর্ট থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। ঐ অভিযোগে তিনি উল্লেখ করেন শ্রমিক লীগ নেতা বরিশাল সদর উপজেলার কাশিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লিটন মোল্লা কাউন্টার ও বাস চালাতে তার কাছে প্রতিমাসে ২০ থেকে ২৫ হাজার টাকা সম্মানী দাবি করেন। পরবর্তীতে নানানভাবে ভয়ভীতি দেখালে তিনি কয়েকমাস কম-বেশি করে তাকে সম্মানী দিয়েছেন। করোনা পরবর্তী গত দুই মাস বাস কম চলাচল করায় আয় কমে যাওয়ায় সম্মানী না দেওয়ায় তাকে হুমকি-ধমকি দিয়ে আসছিল। সর্বশেষ লোকজন দিয়ে ধরে নিয়ে চেয়ারম্যান লিটন মোল্লার বাড়িতে নিয়ে তাকে ভয়-ভীতি প্রদর্শনসহ মেরে ফেলার হুমকি দেওয়া হয়। তিনি অভিযোগে উল্লেখ করেন, লিটন মোল্লা ও তার দলবল তাকে মারধর করে এ টাকা নিয়ে গেছে। 

মেট্রোপলিটন পুলিশের এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জ এস এম জাহিদ বিন আলম বৃহস্পতিবার সন্ধ্যায় জানান, গোল্ডেন লাইন নামক পরিবহনের কাউন্টার ম্যানেজার মো. শহিদুল ইসলাম তাকে মারধর ও টাকা ছিনতাইয়ের ঘটনায় একটি অভিযোগ দিয়েছে। অভিযোগের তদন্তপূর্বক মামলা গ্রহণ করা হবে বলে তিনি জানান। সদর উপজেলার কাশিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লিটন মোল্লার ব্যবহূত মোবাইল নম্বরে বারবার ফোন দেওয়া হলেও তা বন্ধ পাওয়া যায়।