‘প্রকল্পের কেনাকাটায় দুর্নীতি করলে চাকরিচ্যুত করা হবে’

আপডেট : ২৩ জুলাই ২০২০, ২২:২৭

উন্নয়ন প্রকল্পের কেনাকাটায় অনিয়ম বা দুর্নীতি করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে, প্রয়োজনে চাকরিচ্যুত করা হবে বলে কর্মকর্তাদের হুঁশিয়ার করেছেন কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক। তিনি প্রকল্প পরিচালকদের উদ্দেশে বলেন, কৃষি যন্ত্রপাতি, সার, বীজ ও অন্যান্য জিনিসসহ প্রকল্পের প্রত্যেকটা জিনিস বাস্তবে কেনার সময় ই-জিপির মাধ্যমে উন্মুক্ত দরপত্রে কেনা হবে। ঠিকাদারদের মধ্যে প্রতিযোগিতা হবে। বাজার দরের চেয়ে বেশি দামে কেনার সুযোগ নেই।

গতকাল বৃহস্পতিবার সচিবালয়ে কৃষি মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষ থেকে বার্ষিক উন্নয়ন প্রকল্পের (এডিপি) বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনায় অনলাইন সভায় তিনি এসব কথা বলেন। সভা সঞ্চালনা করেন কৃষিসচিব মো. নাসিরুজ্জামান। এ সময় মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, সংস্থা প্রধানসহ প্রকল্প পরিচালকবৃন্দ উপস্থিত ছিলেন।

কৃষিমন্ত্রী বলেন, ‘আমি আবারও হুঁশিয়ার করছি, কেউ যদি প্রকল্পের কেনাকাটায় ও বাস্তবায়নে অনিয়ম করতে চান, দুর্নীতি করতে চান, তাহলে চরম মূল্য দিতে হবে। তাই অত্যন্ত সতর্কতার সঙ্গে, স্বচ্ছতার সঙ্গে ও জবাবদিহিতার মাধ্যমে প্রকল্প প্রণয়ন ও বাস্তবায়ন করতে হবে’।