বান্দরবানে পাহাড়ে ধস থামছে না কাটাকাটি

আপডেট : ২৩ জুলাই ২০২০, ২২:৪৬

টানা বর্ষণে বান্দরবান পৌরসভার ইসলামপুর, কাসেমপাড়া, বনরুপা পাড়া, কালাঘাটা, কসাই পাড়া, বালাঘাটা, লেমুঝিরি, হাফেজঘোনা এলাকায় ছোটখাটো পাহাড় ধসের ঘটনা ঘটেছে। তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তারপরও পাহাড় কাটা থেমে নেই। বৃহস্পতিবারও সদরের কাসেমপাড়া এবং হাফেজঘোনা চিম্বুক সড়ক এলাকায় বৃষ্টির মধ্যে চারপাশে টিনের ঘেরাও দিয়ে লোকজনকে পাহাড় কাটতে দেখা গেছে। এদিকে বান্দরবান পৌরসভার ৯টি ওয়ার্ডে পাহাড় ধসের ঝুঁকি নিয়ে এখনো বসবাস করছে হাজার হাজার পরিবার। বৃষ্টিতে পাহাড় ধসে প্রাণহানির আশঙ্কায় ঝুঁকিপূর্ণ বসতি ছেড়ে লোকজনকে নিরাপদ স্থানে সরে যেতে মাইকিং করা হচ্ছে।

মঙ্গলবার থেকেই বান্দরবানে টানা বৃষ্টি চলছে। গত ৪৮ ঘণ্টায় এ জেলায় ১১০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। প্রতি বছর পাহাড় ধসে প্রাণহানির পরও থামছে না পাহাড় কেটে বসতি স্থাপন। স্থানীয় বাসিন্দা আবু নাছের বলেন, কাটাকাটির ফলে প্রতি বছরই পাহাড় ধসে প্রাণহানির ঘটনা ঘটে। প্রশাসনের নির্দেশনা অমান্য করে পাহাড় কর্তনকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।  বান্দরবান মৃত্তিকা সংরক্ষণ গবেষণা কেন্দ্রের বৈজ্ঞানিক কর্মকর্তা মাহাবুবুল ইসলাম  জানান, মঙ্গলবার থেকেই বান্দরবান জেলায় বৃষ্টিপাত হচ্ছে। গতকালের চেয়ে বৃহস্পতিবার সকাল থেকে বৃষ্টির পরিমাণ আরো বেড়েছে। বান্দরবান পৌরসভার মেয়র মো. ইসলাম বেবী বলেন, টানা বৃষ্টিপাতের কারণে পাহাড় ধসের আশঙ্কা তৈরি হয়েছে। ঝুঁকিপূর্ণ বসতিগুলো থেকে লোকজনকে নিরাপদ আশ্রয়ে সরে যেতে বলা হচ্ছে। ঝুঁকিপূর্ণ এলাকাগুলো চিহ্নিত করে বসবাসকারীদের তালিকা তৈরি করা হচ্ছে। তিনি বলেন, পাহাড় কাটার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।