ঝিনাইগাতীতে চুরির অপবাদে স্কুলছাত্র আলমাছ মিয়াকে (১৭) পিটাল আব্দুল বাতেন নামে এক ড্রাইভার। আলমাছ পার্শ্ববর্তী নালিতাবাড়ী উপজেলার সুমশ্চূড়া গ্রামের কৃষক আইয়ুব আলীর ছেলে।
স্থানীয় বাসিন্দারা জানান, বুধবার সকালে আলমাছ ঠেলাগাড়িতে করে ঝিনাইগাতীর হলদী গ্রাম বাজারে সবজি বিক্রি করতে যায়। এ সময় ঐ গ্রামের মফিজ উদ্দিনের ছেলে শেরপুর জেলা জজ কোর্টের ম্যাজিস্ট্রেটের ড্রাইভার আব্দুল বাতেন ও তার লোকজন পূর্ব শত্রুতার জের ধরে আলমাছকে চুরির অপবাদে হাত-পা বেঁধে অমানুষিক নির্যাতন চালায়। এক পর্যায়ে তাকে পুলিশের কাছে হস্তান্তর করে। এদিকে এ ঘটনাকে কেন্দ্র করে এলাকাবাসীর মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। এলাকাবাসীর অভিযোগ, বিচারকের ড্রাইভার হওয়ার সুবাদে আব্দুল বাতেন দীর্ঘদিন থেকে সরকারি জমি দখল, মিথ্যা মামলায় জড়িয়ে এলাকার নিরীহ লোকজনকে হয়রানি করে আসছে। এ ঘটনায় আলমাছের পিতা বাদী হয়ে শেরপুর পুলিশ সুপার বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। সিনিয়র সহকারী পুলিশ সুপার নালিতাবাড়ী সার্কেল জাহাঙ্গীর আলম, ঝিনাইগাতী থানার ভারপাপ্ত কর্মকর্তা আবু বক্কর সিদ্দিক, ভারপ্রাপ্ত (তদন্ত) সরোয়ার হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন।
এ ব্যাপারে ড্রাইভার আব্দুল বাতেন বলেন, আমার ভাইয়ের দোকানে টাকা চুরি করায় এলাকার লোকজন তাকে মারপিট করে পুলিশে দেয়। ঝিনাইগাতীর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু বক্কর সিদ্দিক বলেন, এ ব্যাপারে থানায় মামলা হয়েছে। ঘটনাটির তদন্ত চলছে।
