চট্টগ্রামে ‘বন্দুকযুদ্ধে শিশুর ধর্ষক’ নিহত

আপডেট : ২৩ জুলাই ২০২০, ২২:৪৮

চট্টগ্রামে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে মো. বেলাল হোসেন দফাদার নামে এক অটোরিকশা চালক নিহত হয়েছে। বুধবার দিনগত রাতে নগরীর বায়েজিদ থানার শান্তিনগর আবাসিক এলাকায় এই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। নিহত ব্যক্তি এক জন ‘সিরিয়াল শিশুধর্ষক’ বলে পুলিশ দাবি করেছে। তার বিরুদ্ধে গত ১৫ দিনে দুইটি এবং গত ছয় মাসে ৯ জন শিশুকে ধর্ষণের অভিযোগ রয়েছে।

নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (উত্তর) আশিকুর রহমান জানান, সম্প্রতি নগরীর বায়েজিদ এলাকায় ছয় জন, আকবরশাহ এলাকায় দুইটি এবং খুলশী এলাকায় একটিসহ মোট ৯ জন শিশু ধর্ষণের শিকার হয়। অনুসন্ধানে বেলাল দফাদারের সম্পৃক্ততা পেয়ে তাকে গ্রেফতারের চেষ্টা শুরু করে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে তাকে ধরতে বুধবার গভীর রাতে শান্তিনগর আবাসিক এলাকায় গেলে বেলাল ও তার সহযোগীদের সঙ্গে পুলিশের বন্দুকযুদ্ধ হয়। এতে গুলিবিদ্ধ হয়ে বেলাল মারা যায়। ঘটনাস্থল থেকে অস্ত্র ও ইয়াবা উদ্ধার করা হয়েছে।

জানা গেছে, ২০১৬ সালে এক শিশুকে ধর্ষণের জন্য অটোরিকশায় তুলে নিয়ে যাওয়ার সময় জনতা বেলালকে ধরে পুলিশে দেয়। গত বছর সে জামিনে বের হয়ে আসে।