কক্সবাজারকে ইয়াবা মুক্ত করতে চিরুনি অভিযান চালানো হবে, পুলিশ সুপার কর্তৃক এমন ঘোষণার তিন দিনের মাথায় হোটেলকক্ষে ইয়াবা সেবন ও নারী নিয়ে আপত্তিকর অবস্থায় রমজানুল আলম (৪০) ওরফে রমজান সওদাগর নামে জেলা যুবলীগের এক নেতাকে আটক করেছে সদর থানা পুলিশ। এ সময় তার মালিকানাধীন একটি প্রিমো ব্রান্ডের প্রাইভেট কারও জব্দ করা হয়েছে। তার কাছে তল্লাশি করে মিলেছে আরো ৮০ পিস ইয়াবা। গতকাল বৃহস্পতিবার ভোরে কক্সবাজারের কলাতলী ‘ওয়ার্ল্ড বিচ রিসোর্টে’ এ অভিযান চালিয়ে তাকে আটক করা হয় বলে জানিয়েছেন সদর থানার ওসি (অপারেশন) মো. মাসুম খান।
তবে অভিযানে লক্ষাধিক ইয়াবা উদ্ধারের কথা প্রচার পেলেও মাত্র ৮০ পিস ইয়াবা নিয়ে মামলা হওয়ায় নানা সমালোচনা চলছে। তদ্বিরের কারণে তাকে রক্ষায় এমনটি করা হয়েছে বলেও অভিযোগ উঠেছে। আটক রমজানুল আলম কক্সবাজার সদর উপজেলার ঈদগাঁও ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড মাইজপাড়া এলাকার মৃত আব্দুল গনির ছেলে। তিনি ঈদগাঁও বাজারের ইজারাদার ও অনুমোদনের জন্য কেন্দ্রে পাঠানো জেলা যুবলীগের প্রস্তাবিত কমিটির ত্রাণবিষয়ক সম্পাদক এবং জেলা যুবলীগ সাধারণ সম্পাদক শহিদুল হক সোহেলের ব্যাবসায়িক পার্টনার।
তাকে আটকের বিষয়টি নিশ্চিত করে ওসি অপারেশন মাসুম খান বলেন, ‘কলাতলী ওয়ার্ল্ড বিচ রিসোর্টের দ্বিতীয় তলার একটি কক্ষে ইয়াবা সেবনের পাশাপাশি নারীদের নিয়ে অনৈতিক কাজ করছে কিছু যুবক—এমন সংবাদে অভিযান চালায় শহরে মোবাইল ডিউটিতে থাকা পুলিশ দল। অভিযান টের পেয়ে বেশ কয়েক জন পালিয়ে যায়। তবে ইয়াবাসহ আটক হন রমজান। রমজানের দেহ তল্লাশি করে প্রথমে ৩০ পিস ইয়াবা পাওয়া যায়। পরে তার স্বীকারোক্তি মতে রিসোর্টের নিচে তার গাড়ি থেকে আরো ৫০ পিস ইয়াবা জব্দ করা হয়। তিনি আরো জানান, পুলিশের কাছে রমজান স্বীকার করেন, রোহিঙ্গা ক্যাম্পে দীর্ঘদিন কাজ (চাকরি) করার আড়ালে ইয়াবা ট্যাবলেট পাচার ও সেবনে জড়িত তিনি।
