চট্টগ্রামে আট বিদেশগামী যাত্রীর করোনা শনাক্ত

আপডেট : ২৩ জুলাই ২০২০, ২২:৪৯

চট্টগ্রামে গত তিন দিনে বিদেশগামী ৩৫১ জনের নমুনা পরীক্ষা করে আট জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। জেলা সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, সরকারি নির্দেশনা অনুযায়ী গত ২০ জুলাই থেকে বিদেশগামীদের করোনা পরীক্ষার রেজিস্ট্রেশন শুরু হয়। প্রথম দিনে ৬৩ জন, দ্বিতীয় দিনে ২৮৮ জন রেজিস্ট্রেশন করেন। নমুনা পরীক্ষার পর তাদের মধ্যে আট জনের শরীরে করোনা ভাইরাসের অস্তিত্ব পাওয়া গেছে।

জানা গেছে, বিদেশগামীদের করোনা পরীক্ষা করার জন্য সিভিল সার্জন কার্যালয়ে সাড়ে ৩ হাজার টাকা প্রদান করে রেজিস্ট্রেশন করতে হয়। সেখানেই ইপিআই ভবনের নিচতলায় দুইটি বুথে নমুনা সংগ্রহ করা হয়। এরপর তা ফৌজদারহাটের বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) ল্যাবে পরীক্ষার জন্য পাঠানো হয়।