শনাক্ত ও মৃত্যু বেড়েছে

আপডেট : ২৩ জুলাই ২০২০, ২৩:২৯

দেশে এক দিনে করোনা ভাইরাসে শনাক্ত ও মৃত্যুর সংখ্যা বেড়েছে। ২৪ ঘণ্টায় এই ভাইরাসে আক্রান্ত হয়ে ৫০ জন মারা গেছেন। বুধবারের চেয়ে গতকাল আট জন বেশি মারা যান। এখন পর্যন্ত দেশে এ ভাইরাসে মারা গেছেন ২ হাজার ৮০১ জন। করোনা শনাক্তের বিবেচনায় গতকাল মৃত্যুর হার ১ দশমিক ৩০ শতাংশ। আগের দিন এই হার ছিল ১ দশমিক ২৯ শতাংশ। গতকাল বৃহস্পতিবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের করোনা ভাইরাস সংক্রান্ত নিয়মিত অনলাইন হেলথ বুলেটিনে অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এসব তথ্য জানান।

করোনা ভাইরাসে আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘণ্টায় হাসপাতাল এবং বাসায় মিলিয়ে সুস্থ হয়েছেন ২ হাজার ছয় জন। বুধবারের চেয়ে গতকাল ২০১ জন বেশি সুস্থ হয়েছেন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১ লাখ ১৯ হাজার ২০৮ জন। গতকাল শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৫৫ দশমিক ১৬ শতাংশ। অতিরিক্ত মহাপরিচালক জানান, গত ২৪ ঘণ্টায় ১২ হাজার ৩৯৮ জনের নমুনা পরীক্ষায় ২ হাজার ৮৫৬ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। বুধবারের চেয়ে গতকাল ১১২ জন বেশি শনাক্ত হয়েছেন। বুধবার ১২ হাজার ৫০ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছিলেন ২ হাজার ৭৪৪ জন। দেশে এ পর্যন্ত মোট ১০ লাখ ৭৯ হাজার ৭ জনের নমুনা পরীক্ষায় ২ লাখ ১৬ হাজার ১১০ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। মোট পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ২০ দশমিক ০৩ শতাংশ। গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ২৩ দশমিক ০৪ শতাংশ। আগের দিন এ হার ছিল ২২ দশমিক ৭৭ শতাংশ। আগের দিনের চেয়ে গতকাল শনাক্তের হার দশমিক ২৭ শতাংশ বেশি।

ডা. নাসিমা সুলতানা জানান, ‘করোনা ভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১২ হাজার ৯২ জনের। আগের দিন সংগ্রহ করা হয়েছিল ১১ হাজার ৯৭৬ জনের। বুধবারের চেয়ে গতকাল ১১৬টি নমুনা বেশি সংগ্রহ করা হয়েছে। গত ২৪ ঘণ্টায়  দেশের ৮০টি পরীক্ষাগারে নমুনা পরীক্ষা হয়েছে ১২ হাজার ৩৯৮ জনের। আগের দিন নমুনা পরীক্ষা হয়েছিল ১২ হাজার ৫০ জনের। গত ২৪ ঘণ্টায় আগের দিনের চেয়ে ৩৪৮টি বেশি নমুনা পরীক্ষা হয়েছে। তিনি জানান, গত ২৪ ঘণ্টায় মৃত্যুবরণকারীদের মধ্যে ৪১ জন পুরুষ এবং ৯ জন নারী। এদের মধ্যে হাসপাতালে মারা গেছেন ৪৭ জন, বাসায় মৃত্যুবরণ করেছেন তিন জন। এখন পর্যন্ত মৃত্যুবরণকারীদের মধ্যে পুরুষ ২ হাজার ২০৯ জন; ৭৮ দশমিক ৮৬ শতাংশ এবং নারী ৫৯২ জন; ২১ দশমিক ১৪ শতাংশ।