আরো চীনা কনস্যুলেট বন্ধের ইঙ্গিত ট্রাম্পের

আপডেট : ২৩ জুলাই ২০২০, ২৩:২৯

মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন, তিনি আরো কিছু চীনা কনস্যুলেট বন্ধ করার নির্দেশ দিতে পারেন। বুধবার হোয়াইট হাউজে এক সংবাদ সম্মেলনে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, চীন তাদের কনস্যুলেটে আগুন ধরিয়ে নথি পুড়িয়ে দিয়েছে। চীনও একটি মার্কিন কনস্যুলেট বন্ধ করে দিয়ে প্রতিশোধ নিতে পারে। এদিকে চীন অভিযোগ করেছে, ওয়াশিংটনে তাদের দূতাবাস বোমা হামলা ও হত্যার হুমকি পেয়েছে। খবর বিবিসির

ওয়াশিংটনের দূতাবাস ছাড়াও যুক্তরাষ্ট্রে চীনের মোট পাঁচটি কনস্যুলেট রয়েছে। চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র হুয়া চুনইং টুইট করেছেন,         ওয়াশিংটনে চীনা দূতাবাস বোমা হামলা এবং হত্যার হুমকি পেয়েছে। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের সরকার যেভাবে চীনের বিরুদ্ধে ঘৃণা ছড়াচ্ছে তার পরিণতিতেই দূতাবাসকে লক্ষ্য করে বোমা ও হত্যার এই হুমকি। সানফ্রান্সিসকোতে চীনা কনস্যুলেট নিয়েও ওয়াশিংটনের সঙ্গে জটিলতা শুরু হয়েছে। মার্কিন কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআই অভিযোগ করছে, ভিসা জালিয়াতি করে যুক্তরাষ্ট্রে ঢোকা একজন চীনা বিজ্ঞানী গ্রেফতার এড়াতে সানফ্রান্সিসকোর চীনা কনস্যুলেটে গিয়ে লুকিয়ে আছেন। এফবিআইর কৌঁসুলিরা ক্যালিফোর্নিয়া আদালতে দায়ের করা মামলায় বলছেন, ঐ বিজ্ঞানী চীনা সেনাবাহিনীর (পিএলএ) সদস্য, কিন্তু তিনি ভিসার আবেদনপত্রে তা গোপন করেছেন। তারা দাবি করছেন, সেনাবাহিনীর বিজ্ঞানীদের ছদ্মবেশে যুক্তরাষ্ট্রে পাঠানোর যে কর্মসূচি চীনের রয়েছে তার অংশ হিসাবে ঐ বিজ্ঞানীকে পাঠানো হয়েছে। জুয়ান ট্যাং নামে ঐ চীনা নারী ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়ায় জীববিজ্ঞানের গবেষক।