চট্টগ্রামে ফেসবুক আইডি হ্যাক করে ব্ল্যাকমেলের অভিযোগ

আপডেট : ২৩ জুলাই ২০২০, ২৩:৩০

চট্টগ্রামে একটি ফেসবুক গ্রুপের আইডি হ্যাক করে ব্ল্যাকমেল করার অভিযোগে সালমান মোহাম্মদ ওয়াহিদ নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের হওয়া একটি মামলায় গত বুধবার রাতে নগরীর মোগলটুলি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গতকাল বৃহস্পতিবার তাকে আদালতে সোপর্দ করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। পুলিশ জানায়, একই ব্যক্তির বিরুদ্ধে ২০১৯ সালের মে মাসে পাঁচলাইশ থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের হওয়া আরেকটি মামলা আদালতে বিচারাধীন রয়েছে। এই মামলায় গত মার্চ মাসে সে কারাগার থেকে জামিনে মুক্তি পায়।  

খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রণব চৌধুরী ইত্তেফাককে বলেন, সালমান মোহাম্মদ ওয়াহিদ একজন হ্যাকার। তার বিরুদ্ধে জাবের আবদুল্লাহ দোভাষ নামে এক ব্যক্তি খুলশী থানায় মামলা দায়েরের পর তাকে গ্রেফতার করা হয়। মামলার বাদী জাবের আবদুল্লাহ দোভাষ ইত্তেফাককে বলেন, সালমান মোহাম্মদ ওয়াহিদ ওরফে সালমান ভাও ২০১৭ সাল থেকে আমার স্ত্রী এবং গার্লস প্রায়োরিটির অ্যাডমিন তাসনুভা আনোয়ারের আইডি ও গার্লস প্রায়োরিটি গ্রুপ হ্যাক করে। পরবর্তী সময়ে বিভিন্ন ধরনের কুপ্রস্তাব ও হুমকির মাধ্যমে টাকা আদায় করতে থাকে। ইতিপূর্বে সে শতাধিক গুরুত্বপূর্ণ ব্যক্তির আইডি হ্যাক করে প্রতারণা করেছে।