স্বাস্থ্য অধিদপ্তরের ডিজির বিচার ও মন্ত্রীর পদত্যাগ চাই :ফখরুল

আপডেট : ২৪ জুলাই ২০২০, ০০:২১

সদ্য পদত্যাগকারী স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক আবুল কালাম আজাদের বিচার দাবি করেছে বিএনপি। একই সঙ্গে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের পদত্যাগও চেয়েছে দলটি। গতকাল বৃহস্পতিবার দুপুরে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে দলের এই অবস্থান তুলে ধরেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দলের স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকুর নেতৃত্বাধীন ‘করোনা সেলের’ পক্ষ থেকে এ সংবাদ সম্মেলন করা হয়।

বিএনপির মহাসচিব বলেন, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক পদত্যাগ করেছেন। তাকে তো বরখাস্ত করা উচিত ছিল। শুধু মহাপরিচালকই নন, এর সঙ্গে যারা যারা জড়িত আছেন, ভুল তথ্য দিয়েছেন জনগণকে, তার দায়-দায়িত্ব অবশ্যই সরকারের ওপরে বর্তায়। আমরা মনে করি, এখানে শুধু এই কর্মকর্তার পদত্যাগ নয়, তার বিচার এবং একই সঙ্গে স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ করা উচিত। ফখরুল অভিযোগ করেন, করোনা প্রাদুর্ভাবের শুরু থেকেই দুর্নীতি শুরু হয়েছে। সরকারের আশীর্বাদপুষ্টদের কাছে করোনা যেন এক আশীর্বাদরূপে আবির্ভূত হয়েছে। নিম্নমানের পিপিই, মাস্ক ও ওষুধ সরবরাহ দিয়েই শুরু। স্বাস্থ্য খাতের জবাবদিহিতাহীন দুর্নীতির দায়-দায়িত্ব সরকারকেই বহন করতে হবে। মির্জা ফখরুল বলেন, করোনা মহামারির এ সংকটকালে পুরো জাতি যখন ভীষণভাবে উদ্বিগ্ন, যখন প্রতিদিন হাজার হাজার মানুষ করোনায় আক্রান্ত হচ্ছে, যখন সরকারি হিসাব মতেই দৈনিক প্রায় ৪০ জন করে করোনা রোগী মারা যাচ্ছেন, তখন স্বাস্থ্য খাতের অব্যবস্থাপনা ও দায়িত্বহীনতা ক্ষমার অযোগ্য অপরাধের শামিল। ৩ জুলাইয়ের আগ পর্যন্ত প্রতিদিন ১৫ থেকে ১৮ হাজার নমুনা পরীক্ষা করা হচ্ছিল। এখন সেটি সাড়ে ১৪ হাজারের নিচে নেমেছে। কারণ, মানুষ পরীক্ষা করানোর আগ্রহ হারিয়ে ফেলেছে। অনলাইনে অনুষ্ঠিত বিএনপির করোনা সেলের সংবাদ সম্মেলনে যুক্ত ছিলেন সেলের আহ্বায়ক ইকবাল হাসান মাহমুদ টুকু এবং সেলের সদস্য ও দলের ভাইস চেয়ারম্যান ডা. এ জেড এম জাহিদ হোসেন।