শিল্পীদের বকশিশে ভাগ বসায় সোনারগাঁও

আপডেট : ২৪ জুলাই ২০২০, ০০:২২

গতকাল বৃহস্পতিবার সংসদ ভবনে অনুষ্ঠিত বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে দেশের পাঁচ তারকা হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁও কর্তৃপক্ষের বিরুদ্ধে হোটেলটির বারে গান গাওয়া শিল্পীদের প্রাপ্ত বকশিশে ভাগ বসানোর বিষয়ে আলোচনা হয়েছে। পর্যটন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বৈঠকে বিষয়টি উত্থাপন করেন। লিখিত প্রতিবেদনে সচিব উল্লেখ করেন, হোটেল সোনারগাঁওয়ের বারে কিছু শিল্পী সংগীত পরিবেশনের বিনিময়ে বকশিশ বাবদ যে অর্থ পান সেটির অর্ধেক হোটেল ম্যানেজমেন্ট নিয়ে যায়, যা সম্পূর্ণ অনৈতিক। পাশাপাশি বারে কোন পর্যায়ের ব্যক্তিরা প্রবেশ করতে পারেন সে বিষয়টিও নিশ্চিত হওয়া জরুরি বলে উল্লেখ করেন সচিব।

বিষয়টি দুঃখজনক উল্লেখ করে সংসদীয় কমিটির সভাপতি উবায়দুল মোকতাদির চৌধুরী আগামী দিনে শিল্পীদের স্বার্থ রক্ষায় তাদের প্রাপ্ত বকশিশের টাকা হোটেল ম্যানেজমেন্ট যেন না নেয় বিষয়টি নিশ্চিত করার পরামর্শ দেন ।

এছাড়া কোভিড-১৯ মহামারিকালে বিভিন্ন আন্তর্জাতিক রুটে ফ্লাইট পরিচালনার ক্ষেত্রে ভাবমূর্তি বাড়াতে সিভিল এভিয়েশন ও বাংলাদেশ বিমান কর্তৃপক্ষ কী কী পদক্ষেপ নিয়েছে তা জানতে চেয়েছে সংসদীয় কমিটি। কমিটির পরবর্তী বৈঠকে এ বিষয়ে বিস্তারিত প্রতিবেদন দেওয়ার জন্য মন্ত্রণালয়কে অনুরোধ করেছে কমিটি। আ ম উবায়দুল মোকতাদির চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে কমিটির সদস্য বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী, তানভীর ইমাম, আনোয়ার হোসেন খান ও সৈয়দা রুবিনা আক্তার অংশ নেন। বৈঠক শেষে কমিটির সদস্য সৈয়দা রুবিনা আক্তার সাংবাদিকদের জানান, বাংলাদেশ বিমান চলাচলের ক্ষেত্রে ভাবমূর্তি বাড়াতে সংসদীয় কমিটি আলোচনা করতে চায়। এজন্যই মন্ত্রণালয়ের কাছে এ বিষয়ে প্রতিবেদন চাওয়া হয়েছে।

এদিকে, সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের নিয়ন্ত্রণাধীন বিভিন্ন স্থান ইজারা দেওয়ার ক্ষেত্রে বিদ্যমান যে নীতিমালা রয়েছে তা আগামী বৈঠকে উপস্থাপনের জন্য কমিটি সুপারিশ করেছে। কমিটি আকাশপথে পরিবহন (মন্ট্রিল কনভেনশন) বিল ২০২০ নিয়ে আরো পুঙ্খানুপুঙ্খ ও বিস্তারিতভাবে আলোচনার সিদ্ধান্ত নিয়েছে।