ঢাকার দুটি এলাকার ৫০ হাজার মানুষের সহায়তাকল্পে যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার (ইউএসএআইডি) অর্থায়নে নতুন কার্যক্রম শুরু হয়েছে। গতকাল বৃহস্পতিবার মার্কিন রাষ্ট্রদূত আর্ল মিলার এই কার্যক্রমের আওতায় কল্যাণপুর বস্তির খাদ্যসহায়তা গ্রহণকারী পরিবারগুলোর সঙ্গে সাক্ষাত্ ও মতবিনিময় করেন। ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র মো. আতিকুল ইসলামকে সঙ্গে নিয়ে রাষ্ট্রদূত মিলার বিতরণের জন্য খাদ্যঝুড়ি প্রস্তুত কাজ পরিদর্শন করেন এবং সহায়তার নগদ অর্থ দিয়ে স্থানীয় দোকান থেকে তাজা শাকসবজি ক্রয়রত মানুষদের সঙ্গে আলাপ করেন।
কল্যাণপুর ও সাততলা বস্তি (মহাখালী) এলাকায় কার্যক্রম বাস্তবায়নে দায়িত্বপ্রাপ্ত বিশ্ব খাদ্য কর্মসূচির কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ রিচার্ড রেইগ্যান এবং ব্র্যাকের নির্বাহী পরিচালক আসিফ সালেহ এই পরিদর্শনে যোগ দেন।
এ কার্যক্রমের আওতায় নগদ অর্থ প্রদানের মাধ্যমে এসব এলাকার ৫০ হাজার মানুষকে খাদ্য ও মৌলিক চাহিদা পূরণে সহায়তা প্রদান ও কোভিড-১৯-এ অসুস্থ সদস্যের কারণে পরিবার নিয়ে আইসোলেশনে থাকা পরিবারগুলোর মধ্যে খাদ্য বিতরণ করা হবে।
রাষ্ট্রদূত মিলার বলেন, কল্যাণপুর এলাকায় হাঁটতে হাঁটতে এবং সেখানকার বাসিন্দাদের সঙ্গে কথা বলে আমি দেখেছি, এই খাদ্যসহায়তা কার্যক্রম কতটা গুরুত্বপূর্ণ। এই মহামারি কাটিয়ে উঠতে এভাবেই আমরা একে-অপরকে সহায়তা করতে পারি।
বিভিন্ন দেশে কোভিড-১৯-এর প্রভাব মোকাবিলায় সহায়তা প্রদানের লক্ষ্যে নতুন এই উদ্যোগটি যুক্তরাষ্ট্র সরকারের সামগ্রিক প্রচেষ্টার অংশ। যুক্তরাষ্ট্র সরকার বাংলাদেশে কোভিড-১৯ মোকাবিলা প্রচেষ্টায় এযাবত্ ৫ কোটি ৬৫ লাখ ডলারের বেশি সহায়তা প্রদান করেছে।
