কাপাসিয়ায় তাজউদ্দীন আহমদের জন্মবার্ষিকী উদ্যাপিত

আপডেট : ২৪ জুলাই ২০২০, ০০:২৪

কাপাসিয়ায় গতকাল বৃহস্পতিবার মহান মুক্তিযুদ্ধের নেতৃত্বদানকারী, স্বাধীন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী ও জাতীয় চার নেতার একজন তাজউদ্দীন আহমদের ৯৫তম জন্মবার্ষিকী উদ্যাপিত হয়েছে। এ উপলক্ষ্যে কাপাসিয়া উপজেলা আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের আয়োজনে দিনব্যাপী নানা কর্মসূচি পালিত হয়েছে।

সকালে কাপাসিয়া বাসস্ট্যান্ড এলাকায় তাজউদ্দীন আহমদ চত্বরে স্থাপিত প্রতিকৃতিতে উপজেলা প্রশাসন, উপজেলা আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের পক্ষ থেকে গভীর শ্রদ্ধার সঙ্গে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়। পরে উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুহম্মদ শহীদুল্লাহর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান প্রধানের সঞ্চালনায় দলীয় কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে ভিডিও কনফারেন্সে বক্তব্য রাখেন তাজউদ্দীন আহমদের কন্যা, সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সিমিন হোসেন রিমি। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মো. আমানত হোসেন খান, ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, উপজেলা যুবলীগের সভাপতি মো. সাখাওয়াত হোসেন প্রধান, সাধারণ সম্পাদক রাজিব ঘোষ, ছাত্রলীগের সভাপতি আব্দুল কাইয়ুম ভূইয়া প্রমুখ।

এ উপলক্ষ্যে টোক ইউনিয়ন যুবলীগের আয়োজনে ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ড অফিস, বিভিন্ন মসজিদ ও মাদ্রাসায় ফলদ, বনজ ও ঔষধি বৃক্ষের চারা রোপণ করা হয়। পাশাপাশি উপজেলার ১১টি ইউনিয়ন যুবলীগের আয়োজনে প্রতিটি মসজিদ ও মন্দিরে বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়।