গবেষণায় বরাদ্দ কমিয়ে ঢাবির ৮৬৯ কোটি টাকার বাজেট

আপডেট : ২৪ জুলাই ২০২০, ০০:২৪

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ অর্থবছরের জন্য ৮৬৯ কোটি ৫৬ লাখ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে সিনেট অধিবেশনে এই বাজেট ঘোষণা করেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) ও দায়িত্বপ্রাপ্ত কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ সামাদ। গত বছরের তুলনায় এ বছর গবেষণা খাতে বাজেট ব্যয় কমিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। গবেষণা মঞ্জুরি খাতে গবেষণা ব্যয় ৫০ লাখ বাড়লেও শিক্ষকদের জন্য গবেষণা ভাতা খাতে কমেছে প্রায় ২ কোটি টাকা। গবেষণার সরঞ্জামের ক্ষেত্রে কমেছে প্রায় ৯ লাখ টাকা। ২০২০-২১ অর্থবছরের জন্য প্রস্তাবিত বাজেটে গবেষণা খাতে মোট বরাদ্দ করা হয়েছে ৩১ কোটি ৪১ লাখ টাকা। গত বছর গবেষণা খাতে বাজেট বরাদ্দ ছিল প্রায় ৩৩ কোটি টাকা। এর মধ্যে কয়েকটি অনুষদের গবেষণার সরঞ্জাম কেনা এবং কয়েকটি অনুষদ-বিভাগের ল্যাবরেটরি যন্ত্রপাতি কেনা ও ল্যাব স্থাপনে ১৩ কোটি ৯১ লাখ টাকা বরাদ্দ করা হয়েছে। এ ছাড়া গবেষণা মঞ্জুরি হিসেবে রয়েছে ৯ কোটি ৫০ লাখ টাকা। শিক্ষকদের গবেষণা ভাতা বরাদ্দ রাখা হয়েছে ৮ কোটি টাকা।

এদিকে প্রস্তাবিত বাজেটে শিক্ষকদের বেতন খাতে ১৩৮ কোটি ৫০ লাখ টাকা ব্যয় ধরা হয়েছে। এছাড়া কর্মকর্তা ও কর্মচারীদের বেতনে ব্যয় হবে যথাক্রমে ৬৩ কোটি ৫০ লাখ ও ৬৫ কোটি টাকা। শিক্ষক-কর্মকর্তা ও কর্মচারীদের ভাতা বাবদ সহায়তা হিসেবে ব্যয় হবে ২১৫ কোটি ৭৭ লাখ টাকা। তবে প্রতি বছরই বাজেটে ঘাটতি থাকছে। গত বছরের তুলনায় এ বছর ছয়টি খাত বাড়িয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এসব খাতে আলাদা বরাদ্দও দেওয়া হয়েছে।

বাজেটে চলতি অর্থবছরে ৭১ কোটি টাকার নিজস্ব আয় দেখানো হয়েছে। এর মধ্যে শিক্ষার্থীদের কাছ থেকে ১৪ কোটি ৪৫ লাখ টাকা, ভর্তি ফরম বিক্রি ৩২ কোটি ৫৩ লাখ, শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের বেতন থেকে ৯ কোটি ৩৯ লাখ, নিজস্ব সম্পত্তি থেকে ১ কোটি ৫৫ লাখ এবং অন্যান্য থেকে ১৩ কোটি ৮ লাখ টাকা আয়ের খাত দেখানো হয়েছে।