কোরবানির পশু পরিবহনে যেন চাঁদাবাজি না হয় -------------------------আইজিপি

আপডেট : ২৪ জুলাই ২০২০, ০০:৪৬

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে কোরবানির পশু পরিবহনকে কেন্দ্র করে যেন কোনো ধরনের চাঁদাবাজি না হয়, সেক্ষেত্রে সতর্ক থাকতে পুলিশ কর্মকর্তাদেরকে কঠোর বার্তা দিয়েছেন পুলিশ প্রধান (আইজিপি) ড. বেনজীর আহমেদ। গতকাল বিকালে পুলিশ সদর দপ্তর থেকে সব ইউনিট প্রধানদের সঙ্গে ভিডিও কনফারেন্সে তিনি এ বার্তা দেন। তিনি বলেন, সড়ক ও নৌপথে কোরবানির পশুবাহী যানবাহনের চলাচল নির্বিঘ্ন করতে হবে। কোরবানির পশুবাহী গাড়ি অথবা ট্রলার কোনো সুনির্দিষ্ট অভিযোগ ছাড়া না থামানোর নির্দেশ দেন আইজিপি। আইজিপি বলেন, হাইওয়ে পুলিশ ও সংশ্লিষ্ট জেলা পুলিশ কোরবানির পশুবাহী গাড়ির নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে প্রয়োজনে ক্যাম্প স্থাপন করবে। এক্ষেত্রে সংশ্লিষ্ট ইউনিটের সঙ্গে সমন্বয় করতে হবে।

বেনজীর আহমেদ বলেন, পশুরহাটে স্বাস্থ্যবিধি মেনে পশু ক্রয়-বিক্রয় নিশ্চিত করতে হবে। মাস্ক ব্যতীত কেউ পশুরহাটে প্রবেশ করতে পারবে না। ঈদকে সামনে রেখে সুনির্দিষ্ট কারণ ছাড়া তল্লাশির নামে কোনো গাড়ি থামানো যাবে না। ট্রেনের টিকিট যাতে কালোবাজারি না হয় সে ক্ষেত্রে নজরদারি বাড়াতে হবে। মহাসড়ক, সড়কে ফিটনেসবিহীন গাড়ি চলাচল বন্ধ থাকবে। মহাসড়কে থ্রি হুইলার, করিমন, নসিমন ইত্যাদি যানবাহন চলাচল বন্ধ থাকবে।

এ দিকে পুলিশ প্রধানের এ নির্দেশনাকে গতকাল স্বাগত জানিয়েছেন বাংলাদেশ ট্রাক কাভার্ড ভ্যান মালিক সমিতির সভাপতি হাজী মো. তোফাজ্জল হোসেন মজুমদার ও সাধারণ সম্পাদক মো. রুস্তম আলী খান।