ভিজিএফের চাল আত্মসাত্

বগুড়ায় আওয়ামী ও যুবলীগ নেতা, ভালুকায় ইউপি চেয়ারম্যান গ্রেফতার

আপডেট : ২৪ জুলাই ২০২০, ০০:৫১

ভিজিএফের চাল আত্মসাতের অভিযোগে বগুড়ায় আওয়ামী লীগ ও যুবলীগ নেতা এবং ভালুকায় ইউপি চেয়ারম্যানসহ তিন জন গ্রেফতার হয়েছে।

স্টাফ রিপোর্টার, বগুড়া জানান, পাচারের চেষ্টাকালে ৩ হাজার ২৬৫  কেজি ওজনের ৯৩ বস্তা ভিজিএফের চালসহ বগুড়ায় আওয়ামী লীগ ও যুবলীগ নেতাকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলো সারিয়াকান্দি উপজেলার বোহাইল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মজনু মণ্ডল ও ধুনট উপজেলার গোসাইবাড়ী ইউনিয়ন যুবলীগের অর্থবিষয়ক সম্পাদক আল আমিন। বুধবার গভীর রাতে ধুনট উপজেলার যমুনা নদীর শহরাবাড়ী ঘাট এলাকায় ইঞ্জিনচালিত নৌকাসহ এ চাল আটক করা হয়।

পুলিশ জানায়, বুধবার রাতে ট্রলার থেকে শহরাবাড়ী ঘাটে চাল নামানোর সময় পুলিশ ট্রলারসহ চাল আটক করে। এ সময় চালের মালিক যুবলীগ নেতা আল আমিনকে আটক করা হয়। পরে আল আমিনের তথ্যানুযায়ী পুলিশ সারিয়াকান্দি থেকে আওয়ামী লীগ নেতা মজনু খানকে আটক করে। জানা গেছে, ঈদুল আজহা উপলক্ষ্যে ২১ জুলাই সারিয়াকান্দি উপজেলার বোহাইল ইউনিয়নে দুস্থদের মধ্যে ভিজিএফের চাল দেওয়া হয়। সেই চাল কম মূল্যে কিনে নেন যুবলীগ নেতা আল আমিন।

এদিকে ভালুকা (ময়মনসিংহ) সংবাদদাতা জানান, দুস্থদের জন্য দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর (ডিডিএম)-এর বরাদ্দকৃত ২০৬ বস্তা চাল আত্মসাতের ঘটনায় উপজেলার ২ নম্বর মেদুয়ারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জেসমিন নাহার রানীসহ তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ। উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদ কামাল জানান, ঈদ উপলক্ষ্যে বিশেষ বরাদ্দের ভিজিএফ চাল ঐ ইউনিয়নের সব টোকেনধারী পাননি এমন খবরের ভিত্তিতে গতকাল তাত্ক্ষণিক ঘটনাস্থলে গিয়ে জানতে পারি যে, তারা চাল পাননি। উপস্থিত মেম্বার ও স্থানীয়রা অভিযোগ করেন চেয়ারম্যান চাল বিক্রি করে দিয়েছেন।

ভালুকা মডেল থানার ওসি মো. মাইন উদ্দিন জানান, এ ঘটনায় উপজেলা প্রকল্প কর্মকর্তা আবুল কালাম আজাদ বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। যার পরিপ্রেক্ষিতে ইউপি চেয়ারম্যান জেসমিন নাহার রানী, চৌকিদার আকবর আলী ও চাল ব্যবসায়ী নুরু ডিলারকে গ্রেফতার করা হয়।