এই করোনা সংকটে গত ঈদের মতো এবারের ঈদেও সংকলিত পর্ব প্রচার হচ্ছে। একইসঙ্গে সদ্যপ্রয়াত কণ্ঠশিল্পী এন্ড্রু কিশোরকে বিশেষ শ্রদ্ধা জানিয়ে প্রচার হবে বিশেষ এই ঈদ ইত্যাদি। উল্লেখ্য, কিংবদন্তী এই কণ্ঠশিল্পী একমাত্র ইত্যাদি অনুষ্ঠানেই তার বিশেষ পারফর্মেন্স করেছেন। একইসঙ্গে শিল্পী জীবনে মাঝে অবসরের পর আবারো যখন ফিরলেন তখনও এন্ড্রু কিশোর ইত্যাদির মাধ্যমেই দর্শকদের কাছে ফিরেছিলেন। জীবনের শেষ পারফর্মেন্সও শিল্পী ইত্যাদিতেই করেছিলেন।
গত রোজার ঈদে প্রচারিত বহুল প্রশংসিত ইত্যাদির বিশেষ সংকলিত পর্বটির পর ঈদুল আজহায়ও আসছে ইত্যাদির আর একটি বিশেষ সংকলিত পর্ব। সাধারণত ঈদুল আজহায় কখনো ইত্যাদি নির্মাণ করা হয় না, কিন্তু ইত্যাদির প্রচার সিডিউল অনুযায়ী ইত্যাদির নিয়মিত নতুন পর্বের প্রচার তারিখ ছিল ৩১ জুলাই। গত দুই দশক ধরে আমাদের ইতিহাস, ঐতিহ্য, প্রত্নতাত্ত্বিক নিদর্শন এবং মুক্তিযুদ্ধের গৌরবময় স্থানসমূহে গিয়ে ইত্যাদির ধারণ করা হলেও বর্তমানে অদৃশ্য ভাইরাস করোনার কারণে দর্শকদের সুরক্ষা ও নিরাপত্তার কথা ভেবে গত রোজার ঈদের মতো এবারও দর্শক উপস্থিতিতে ইত্যাদির নতুন পর্ব ধারণ করা সম্ভব হয়নি।
কিন্তু গত রোজার ঈদের বিশেষ সংকলিত পর্বটি ব্যাপকভাবে প্রশংসিত হওয়ায় এবারও দর্শকদের অনুরোধে এই ঈদ উপলক্ষে বিশেষ একটি সংকলিত ইত্যাদি সাজানো হয়েছে সম্পাদনার টেবিলে। ইতোপূর্বে প্রচারিত কয়েকটি ঈদ ইত্যাদির বেশ কয়েকটি পর্ব সংকলন করে সাজানো হয়েছে ইত্যাদির এই বিশেষ পর্বটি। সংকলিত ইত্যাদি হলেও এবারের ইত্যাদিরও কিছু অংশ নতুনভাবে ধারণ করা হয়েছে। উল্লেখ্য, দীর্ঘ ১৫ বছর পর হানিফ সংকেতের অনুরোধে ইত্যাদির মাধ্যমেই নতুন গান নিয়ে আবারো টিভিপর্দায় ফিরে এসেছিলেন গুণী শিল্পী এন্ড্রু কিশোর। এবারের পর্বে দেখানো হবে শিল্পী এন্ড্রু কিশোরের পরিবেশিত সেই গানটিও। আরো রয়েছে প্রয়াত অভিনেতা হুমায়ূন ফরিদীর একটি বিশেষ পর্বসহ জনপ্রিয় তারকাদের অংশগ্রহণে নাচ-গান, নাট্যাংশের সমন্বয়ে অনেক মজার মজার পর্ব।
ইত্যাদি রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত। নির্মাণ করেছে ফাগুন অডিও ভিশন। ইত্যাদি একযোগে প্রচারিত হবে বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ডে ঈদের তৃতীয় দিন রাত ৮টার বাংলা সংবাদের পর। এছাড়া অনুষ্ঠানটি পুনঃপ্রচার করা হবে ৮ আগস্ট রাত ৮টার বাংলা সংবাদের পর।
