জেলার মাটিরাঙ্গা উপজেলায় নিজের বাসা থেকে প্রসূতির চিকিত্সার নামে ডেকে নিয়ে নুর মোহাম্মদ টিপু নামক এক পল্লিচিকিত্সককে নৃশংসভাবে খুনের ঘটনা ঘটেছে। চিকিত্সার নামে ডেকে নেওয়ার অন্তত ১০ ঘণ্টা পরে খাগড়াছড়ি-ঢাকা আঞ্চলিক সড়কের সাপমারা ব্রিজের নিচ থেকে ঐ চিকিত্সকের হাত-পা বাঁধা ও উলঙ্গ অবস্থায় মাটিরাঙ্গা থানা পুলিশ লাশ উদ্ধার করেছে। নিহত নুর মোহাম্মদ টিপু খাগড়াছড়ির মাটিরাঙ্গা পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের সিলেটি পাড়ার বাসিন্দা। তিনি পেশায় পল্লিচিকিত্সক।
নিহতের স্ত্রী জোহরা আক্তার ও স্বজনরা সাংবাদিকদের জানায়, গত বৃহস্পতিবার রাতে ঘরেই ছিলেন পল্লিচিকিত্সক নুর মোহাম্মদ টিপু। ভোর সাড়ে ৪টার দিকে স্বজনের অসুস্থতার কথা বলে তাকে বাসা থেকে ডেকে নিয়ে যায় তিন অজ্ঞাতনামা উপজাতীয় যুবক। রাত গড়িয়ে সকাল হলেও নুর মোহাম্মদ ফিরে না আসায় তার স্ত্রী তাকে ফোন দিলে তার মুঠোফোনটি বন্ধ পাওয়ায় তাদের মধ্যে সন্দেহ ও আশঙ্কার সৃষ্টি হয়। বিষয়টি স্থানীয় পুলিশকে জানানো হয়। এদিকে বেলা দেড়টার দিকে স্থানীয় লোকজন সাপমারা ব্রিজের নিচে বিবস্ত্র মরদেহ পড়ে থাকতে দেখে নিরাপত্তা বাহিনী ও পুলিশকে খবর দিলে বেলা আড়াইটার দিকে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। সহকারী পুলিশ সুপার মো. খোরশেদ আলম জানান, এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে।
