আবার রিংয়ে ফিরছেন সাবেক হেভিওয়েট চ্যাম্পিয়ন মাইক টাইসন। যদিও তার বয়স এখন ৫৪। অবশ্য রিংয়ে ফিরতে চললেও এটি হবে প্রদর্শনীমূলক বক্সিং প্রতিযোগিতা। তবে প্রদর্শনীমূলক হলেও টাইসন বলে কথা এবং এ নিয়ে খেলার দুনিয়ায় ব্যাপক আগ্রহ। তার এ লড়াই দেখা যাবে টিকটকের বিকল্প হওয়ার চেষ্টায় থাকা আমেরিকার এক মিউজিক অ্যাপ ট্রিলারে। গত বৃহস্পতিবার দেওয়া ঘোষণা অনুযায়ী টাইসনের প্রতিপক্ষ হলেন ৫১ বছরের রয় জোন্স জুনিয়র। লড়াইটি হবে ১২ সেপ্টেম্বর। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় হবে আট রাউন্ডের এ লড়াই। টাইসন সর্বশেষ ২০০৫ সালে পেশাদার বক্সিংয়ে লড়েছিলেন। কিন্তু আইরিশ কেভিন ম্যাকব্রাইডের বিরুদ্ধে সে লড়াইয়ে তিনি হেরে গিয়েছিলেন। সেটি ছিল কিংবদন্তি এই বক্সারের ক্যারিয়ারে ৫৮ লড়াইয়ে ষষ্ঠ হার।
