স্পেনে ফিরছেন এমেরি

আপডেট : ২৪ জুলাই ২০২০, ২১:৪১

সাবেক আর্সেনাল কোচ উনাই এমেরির বেকারত্ব অবশেষে ঘুচল। স্প্যানিশ ক্লাব ভিয়ারিয়ালের কোচ হয়ে আবারও স্পেনে ফিরছেন তিনি।

কিংবদন্তি কোচ আর্সেন ওয়েঙ্গারের রেখে যাওয়া শূন্যতা পূরণে দুই বছর আগে আর্সেনাল স্প্যানিশ এই কোচের দুয়ারে হাজির হয়। তবে দলটির দায়িত্ব নেওয়ার পর সাফল্য বলতে খেলেছেন কেবল ইউরোপার ফাইনালেই। বাজে ফলাফলের খেসারত দিয়ে চলতি মৌসুমের মাঝামাঝি সময়ে চাকরি হারান তিনি। 

গত বছরের শেষ দিকে চাকরি হারানোর পর থেকে বেকার থাকলেও অবশেষে বেকারত্ব শেষ হচ্ছে তার। ভিয়ারিয়ালের হয়ে তিন বছরের চুক্তিস্বাক্ষর তাকে ফেরাচ্ছে জন্মভূমি স্পেনেও। এর আগে স্পেনে সেভিয়াকে নিয়ে দারুণ সাফল্য পেয়েছিলেন স্প্যানিশ এই কোচ। দলটিকে জিতিয়েছিলেন টানা তিন ইউরোপা শিরোপা।

চলতি মৌসুমে ভিয়ারিয়াল লিগ শেষ করেছে পঞ্চম স্থানে থেকে। চ্যাম্পিয়ন্স লিগ নিশ্চিত করতে না পারায় কচ হ্যাভিয়ের কালেহা কোচের পদ থেকে সরে দাঁড়ান।