জাতীয় পার্টির (জাপা) প্রয়াত চেয়ারম্যান এইচ এম এরশাদের সাবেক ব্যক্তিগত সচিব (পিএস) ও ‘হুসেইন মুহম্মদ এরশাদ’ ট্রাস্টের সাবেক চেয়ারম্যান মেজর (অব.) খালেদ আখতারের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল হয়েছে। গতকাল শুক্রবার এরশাদ ট্রাস্টের উদ্যোগে বাদ আসর বারিধারায় প্রেসিডেন্ট পার্কে এই দোয়া মাহফিল হয়।
দোয়া মাহফিলের আগে সংক্ষিপ্ত স্মরণসভায় বিদিশা বলেন, মেজর খালেদকে সন্তানের মতো ভালোবাসতেন এরশাদ। এরশাদের মৃত্যুর পর এরিককে আমার কাছে ফিরিয়ে দিয়ে মেজর খালেদ বলেছিলেন—এরিক ছিল এরশাদের প্রাণভোমরা, আপনিই পারবেন তাকে এরশাদ সাহেবের ভালোবাসা ফিরিয়ে দিতে। এরশাদ ট্রাস্টের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কাজী মামুনুর রশিদ বলেন, মরহুম মেজর খালেদ অত্যন্ত স্বচ্ছতার সঙ্গে বিনা পারিশ্রমিকে ট্রাস্ট পরিচালনা করেছেন। এরশাদের পরিবার তার অবদান চিরদিন কৃতজ্ঞতার সঙ্গে স্মরণে রাখবে। এরশাদ-বিদিশার পুত্র এরিক এরশাদ বলেন, বাবার জীবদ্দশায় খালেদ চাচা আমাকে দেখভাল করতেন। বাবার সঙ্গে সবচেয়ে বেশি সময় অতিবাহিত করেছেন খালেদ চাচা। বাবাও তাকে খুব বিশ্বাস করতেন, ভালোবাসতেন। এরশাদ ও খালেদের জন্য সবার কাছে দোয়া চান এরিক। মিলাদ মাহফিলে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন—মরহুম খালেদের সহধর্মিণী নুসরাত ঝিনুক, জাপার প্রবীণ নেতা অধ্যাপক দেলোয়ার হোসেন খান, জাফর ইকবাল সিদ্দিকী, ফখরুজ্জামান জাহাঙ্গীর, ইকবাল হোসেন রাজু, নুরুল ইসলাম নুরুসহ পার্টির বেশ কিছু নেতাকর্মী। মিলাদ ও দোয়া মাহফিল পরিচালনা করেন বারিধারা জামে মসজিদের ইমাম মাওলানা মাসুদ আহমেদ।
