‘করোনাকালীন প্রাথমিক শিক্ষা: চ্যালেঞ্জ ও করণীয়’ শীর্ষক মতবিনিময়

আপডেট : ২৪ জুলাই ২০২০, ২২:২৫

সনাক সাভারের আয়োজনে ও উপজেলা প্রাথমিক শিক্ষা কর্তৃপক্ষের সক্রিয় অংশগ্রহণে ‘করোনাকালীন প্রাথমিক শিক্ষা: চ্যালেঞ্জ ও করণীয়’ শীর্ষক অনলাইন মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। সনাক সাভারের সভাপতি অধ্যাপক দীপক কুমার রায়ের সভাপতিত্বে বৃহস্পতিবার সন্ধ্যায় অনলাইন জুম প্ল্যাটফরমে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন—সাভার উপজেলা শিক্ষা অফিসার তাবশিরা ইসলাম লিজা, টিআইবির সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার মো. আতিকুর রহমান, সহকারী উপজেলা শিক্ষা অফিসার আইয়ুব খান। সভার লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে বক্তব্য রাখেন সনাক সাভারের সহসভাপতি প্রকৌশলী আব্দুল খালেক। বক্তারা করোনা ভাইরাসের প্রভাবে সৃষ্ট সংকট মোকাবিলা করে প্রাথমিক শিক্ষা কার্যক্রম চলমান রাখা, বিস্তারিত পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়ন, প্রান্তিক ও দুর্বল শিক্ষার্থীদের করোনাকালীন ও করোনাপরবর্তী সময়ে ঝরে পড়া রোধসহ সংশ্লিষ্ট বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। সভার মুক্ত আলোচনা পর্বে সনাক সদস্য, বিদ্যালয়ের শিক্ষক প্রতিনিধি ও অভিভাবক প্রতিনিধিরা তাদের মতামত ও প্রশ্ন তুলে ধরেন।

অনলাইন জুম প্ল্যাটফরমে এ সভায় সনাক সাভারের সদস্যবৃন্দ, ইয়েস ও ইয়েস ফ্রেন্ডস্ সদস্যবৃন্দ, টিআইবি কর্মীরা অংশ নেন।