ধামরাইয়ে মাদক নিয়ন্ত্রণে পুলিশ জনতা মতবিনিময়

আপডেট : ২৪ জুলাই ২০২০, ২২:২৫

ধামরাই থানা এলাকাকে মাদকমুক্ত করতে জনসাধারণের সহায়তা কামনা করেছে পুলিশ। ধামরাই থানার ওসি দীপক চন্দ্র সাহা বলেন, ‘ঊর্ধ্বতন পুলিশ কর্তৃপক্ষের নির্দেশনায় ধামরাইকে সম্পূর্ণরূপে মাদকমুক্ত করার লক্ষ্যে আমরা কাজ করছি। মাদক ব্যবসায়ী যেই হোক তার কোনো ছাড় নেই।’ সেই লক্ষ্যে ওসি অপারেশন মাসুদুর রহমান, ওসি তদন্ত কামাল উদ্দিন, কাওয়ালীপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ রাসেল মোল্লাসহ অন্যান্য পুলিশ কর্মকর্তা ও ইউপি চেয়ারম্যানদের নিয়ে তিনি ইউনিয়ন পর্যায়ে জনতার সঙ্গে মতবিনিময় করছেন। তারই অংশ হিসাবে বৃহস্পতিবার বিকালে উপজেলার বালিয়া ইউনিয়ন পরিষদ কার্যালয় প্রাঙ্গণে উপজেলা কৃষকলীগের সভাপতি ও বালিয়ার ইউপি চেয়ারম্যান আহাম্মদ হোসেনের সভাপতিত্বে পুলিশ কর্মকর্তা আবু সাঈদকে সঙ্গে নিয়ে স্থানীয় জনতার সঙ্গে মতবিনিময় করেন কাওয়ালীপাড়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ রাসেল মোল্লা। একই দিনে সন্ধ্যায় সূয়াপুর ও নান্নারে এসআই রিপনসহ অন্য পুলিশ কর্মকর্তাদের নিয়ে জনতার সঙ্গে মতবিনিময় করেন ওসি অপারেশন মাসুদুর রহমান।