অনলাইনে জমে উঠেছে কোরবানির পশু বিক্রি

আপডেট : ২৪ জুলাই ২০২০, ২২:৩৯

কদিন বাদেই ঈদুল আজহা। তবে এবার করোনা সংক্রমণ ঠেকাতে সরাসরি গরুর হাটে যাওয়া নিরুত্সাহিত করা হচ্ছে। গরুর হাটে গেলেও স্বাস্থ্যবিধি মানার ওপরে জোর দেওয়া হচ্ছে। এ কড়াকড়িতে জমে উঠেছে ডিজিটাল পশুর হাট। করোনাকালের নিউ নর্মাল লাইফে অনলাইনে কোরবানির পশুর হাট নতুন দিগন্ত নিয়েই হাজির হয়েছে মানুষের সামনে।

কোরবানির পশুর হাট এখনো না বসলেও মানুষের আলোচনায় উঠে এসেছে ডিজিটাল হাট। সেখানে শুরু হয়ে গেছে বিক্রিও। সরকারিভাবেও ডিজিটাল পশুর হাট চালু করা হয়েছে। সেখানে তিন মন্ত্রী লাখ টাকার বেশি দিয়ে কিনেছেন গরু। এসবই এখন মানুষের মুখে মুখে আলোচিত। দেশের ক্রেতারা যেমন কিনছেন পাশাপাশি প্রবাসী বাঙালিরাও দেশে বাস করা আত্মীয়স্বজনদের জন্য কিনছেন কোরবানির পশু। প্রতিষ্ঠানগুলো ক্রেতাদের বাসায় গিয়ে কোরবানির মাংস পৌঁছে দিয়ে আসবে। ফলে ই-কমার্স প্ল্যাটফরম (মার্কেটপ্লেস), ই-কমার্স সাইট, ওয়েবসাইট, ফেসবুকভিত্তিক  পেজগুলো এরই মধ্যে বেশ জমজমাট। দেখা যাচ্ছে, সামাজিক যোগাযোগমাধ্যমগুলো এখন কোরবানির পশুকেন্দ্রিক হয়ে উঠছে।

রাজধানী এবং রাজধানীর বাইরে ডিজিটাল হাট বেশ ভালোই জমে উঠেছে। মানুষ এখন ঘরে বসেই, কোনো ধরনের আতঙ্ক ছাড়াই কোরবানির পশু কিনতে পারছেন। রাজধানীসহ প্রায় সারা দেশেই ডিজিটাল হাট থেকে পশু কেনা যাচ্ছে। বিভাগীয় কমিশনার, অনেক জেলায় জেলা প্রশাসকের উদ্যোগে এবার স্থানীয়ভাবেও অনলাইনে কোরবানির পশু বিক্রির উদ্যোগ নেওয়া হয়েছে। এজন্য তৈরি করা হয়েছে ওয়েবসাইট, অ্যাপস ইত্যাদি। অন্যদিকে ফেসবুকনির্ভর বেশকিছু পেজ রয়েছে।

সরকারি ‘ডিজিটাল হাট’ থেকে গরু কিনলেন তিন মন্ত্রী

প্রধানমন্ত্রীর কার্যালয়ের (আইসিটি বিভাগ) এটুআই, ঢাকা উত্তর সিটি করপোরেশন ও ই-ক্যাবের সহযোগিতায় অনলাইন পশুর হাট ‘ডিজিটাল পশুর হাট’ (www.digitalhaat.net) চালু করা হয়েছে। আর দেশ জুড়ে চালু করা আছে ফুড ফর নেশন (foodfornation.gov.bd) সাইটটি। জানা গেছে, এ প্লাটফরম থেকে এর মধ্যে ৪ হাজার গরু বিক্রি হয়েছে। আর আইসিটি বিভাগের উদ্যোগে (এটুআই) ‘একশপ’ (ekshop.gov.bd) এর মাধ্যমেও কেনা যাচ্ছে গরু।

ক্রেতারা চাইলে ‘ডিজিটাল হাট’ থেকে ন্যায্যমূল্যে কোরবানির পশু কিনে ঢাকার পাঁচটি এলাকা থেকে মাংস প্রক্রিয়া করে নিজ নিজ ঠিকানায় ডেলিভারি নিতে পারবেন। গত ১১ জুলাই এ ডিজিটাল হাটের উদ্বোধন করা হয়। এ সময় জানানো হয়, ডিজিটাল হাটের আওতায় গরু বিক্রি ছাড়াও প্রায় ২ হাজার গরু জবাই এবং মাংস প্রক্রিয়াজাত করে বাসায় বাসায় পৌঁছে দেওয়ার ব্যবস্থা রাখা হয়েছে। ঈদের দিন ৪০০, দ্বিতীয় দিন ১ হাজার ও তৃতীয় দিন ৬০০ গরু কোরবানি করার সক্ষমতা তাদের রয়েছে। ডিজিটাল হাটের উদ্বোধনী অনুষ্ঠানেই লাখ টাকার বেশি দামে গরু কেনেন স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম আর বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

পল্লী কোরবানির হাট

পল্লী কোরবানির হাট চালু করেছে পল্লী সঞ্চয় ব্যাংক এবং একটি বাড়ি একটি খামার প্রকল্প। পল্লী কোরবানির হাটের অনলাইনের ঠিকানা: http://www.palliqurbanirhaat.com ভিজিট করলেই মিলছে দেশি গরু, ষাঁড় ও ছাগলের দেখা। পশুর মূল্যের ২৫ শতাংশ টাকা অনলাইনে পরিশোধ করে ঈদের আগের দিন পর্যন্ত ঘরে বসে কোরবানির পশু পাওয়ার এই সুবিধা থাকছে। এমনকি বিকাশ এবং আইপের মাধ্যমে পেমেন্ট দেওয়া যাবে পল্লী কোরবানির হাটে।

বেঙ্গল মিট

বেঙ্গল মিট (qurbani.bengalmeat.com) এবারও কোরবানির পশুর আয়োজন করেছে। তাদের সাইটে গরুর ছবি, ওজন, উচ্চতা, জাত, কী খায়, ভ্যাকসিন কবে দেওয়া হয়েছে, ডেলিভারি কীভাবে পাওয়া যাবে ইত্যাদি সব তথ্য দেওয়া আছে। দেওয়া আছে দাম পরিশোধের পদ্ধতিও।

আজকেরডিল ডট কম

ই-কমার্স প্ল্যাটফর্ম আজকেরডিল ডট কম (ajkerdeal.com) গরুর ক্রেতা আর ব্যাপারী ও কৃষকদের মধ্যে সংযোগ ঘটিয়ে দিচ্ছে বলে জানান প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী ফাহিম মাশরুর। তিনি বলেন, ‘কোনো পক্ষ থেকেই আমরা পেমেন্ট নিচ্ছি না। আমাদের প্ল্যাটফর্মে ১০০-এর বেশি গরুর খামার তালিকাভুক্ত আছে।’

প্রিয়শপ ডট কম

ই-কমার্স প্রতিষ্ঠান প্রিয়শপ ডট কম (priyoshop.com) গরুর ওজন অনুযায়ী কেজিপ্রতি দামের ভিত্তিতে একদামে গরু বিক্রি করছে। কোরবানির পশু কেনামাত্র ক্রেতাকে এসএমএস দিয়ে নিশ্চিত করা হবে। আর যারা বুকিং দিচ্ছেন, ঈদের এক বা দু’দিন আগে তাদের বাসায় গরু পৌঁছে দেওয়া হবে। প্রিয়শপ ডট কমে ক্রেতারা গরু দেখতে এবং কিনতে পারবেন। এখানে পশুর ছবিসহ দাম, উচ্চতা ও ওজন দেওয়া আছে। প্রবাসীরাও এখান থেকে গরু কিনতে পারবেন বলে জানা গেছে।

মাদল

এদিকে মাদল সাতক্ষীরার বিভিন্ন গৃহস্থবাড়ি থেকে কোরবানির গরু সংগ্রহ করে তাদের সাইটে বিক্রি করছে। মাদলের ফেসবুক পেজে দেওয়া রয়েছে গরুর ছবি, দাম, সম্ভাব্য মাংসের পরিমাণ ইত্যাদি। কসাই খরচ ও ১০ শতাংশ সার্ভিস চার্জ দিলে কোরবানি সম্পন্ন করে মাংস প্রক্রিয়াজাত করে কোরবানিদাতার বাসায় পৌঁছে দেওয়ার ব্যবস্থা করছে মাদল। এছাড়া দেশিগরুবিডি ডট কম (http://deshigorubd.com) ও বিক্রয় ডট কমেও (bikroy.com) পাওয়া যাচ্ছে কোরবানির গরু ও ছাগল।

অনলাইনে মিলছে কসাই

ঈদুল আজহা উপলক্ষ্যে কোরবানির পশুর মাংস প্রক্রিয়াজাতকরণে অনলাইনেই পেশাদার কসাই খুঁজে নেওয়া যাবে। এই সুযোগটি এনে দিয়েছে ইন্টারনেটভিত্তিক সার্ভিস প্ল্যাটফর্ম সেবাডটএক্সওয়াইজেড। কোরবানির পশুর দাম অনুযায়ী নির্ধারিত হবে কসাইয়ের রেট। এ ক্ষেত্রে গ্রাহককে পশুর দামের ওপর প্রতি হাজারে ৩০০ টাকা করে সেবামাশুল দিতে হবে। তবে এই সেবা পাওয়া যাবে শুধু ঢাকার মধ্যে। এছাড়া সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ‘বুচার শপ কসাই সাপ্লাই’ নামে একটি পেজ থেকেও ঢাকার ভেতরে কসাইসেবা দেওয়া হচ্ছে।  https://www.facebook.com/Qurbani. Dhaka/ পেজে থাকা ফোন নম্বরে কল করে কিংবা মেসেজ করে কসাই বুকিং করা যাবে। এ ক্ষেত্রে গ্রাহকের পশুর দামের ওপর প্রতি হাজারে ২০০ টাকা করে দিতে হবে।