করোনায় আরো ৩৫ জনের মৃত্যু

আপডেট : ২৪ জুলাই ২০২০, ২২:৪১

দেশে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসের নমুনা পরীক্ষা, শনাক্ত ও মৃত্যু কমেছে। ভাইরাস থেকে সুস্থ হয়ে উঠা মানুষের সংখ্যা ১ লাখ ২০ হাজার ছাড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে ৩৫ জন মারা গেছেন। বৃহস্পতিবারের চেয়ে গতকাল ১৫ জন কম মৃত্যুবরণ করেছেন। এখন পর্যন্ত দেশে এ ভাইরাসে মারা গেছেন ২ হাজার ৮৩৬ জন। করোনা শনাক্তের বিবেচনায় গতকাল মৃত্যুর হার ১ দশমিক ৩০ শতাংশ।

গতকাল শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের করোনা ভাইরাস সংক্রান্ত নিয়মিত অনলাইন হেলথ বুলেটিনে অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এসব তথ্য জানান। গত ২৪ ঘণ্টায় ১২ হাজার ২৭ জনের নমুনা পরীক্ষায়  ২ হাজার ৫৪৮ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়। বৃহস্পতিবারের চেয়ে গতকাল ৩০৮ জন কম শনাক্ত হয়েছেন। বৃহস্পতিবার ১২ হাজার ৩৯৮ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয় ২ হাজার ৮৫৬ জন। অতিরিক্ত মহাপরিচালক জানান, দেশে এ পর্যন্ত মোট ১০ লাখ ৯১ হাজার ৩৪ জনের নমুনা পরীক্ষায় ২ লাখ ১৮ হাজার ৬৫৮ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। মোট পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ২০ দশমিক ০৪ শতাংশ। গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ২১ দশমিক ১৯ শতাংশ। আগের দিন এ হার ছিল ২৩ দশমিক ০৪ শতাংশ।

করোনা ভাইরাসে আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘণ্টায় হাসপাতাল এবং বাসায় মিলিয়ে সুস্থ হয়েছেন ১ হাজার ৭৬৭ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১ লাখ ২০ হাজার ৯৭৬ জন। ডা. নাসিমা সুলতানা জানান, গতকাল শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৫৫ দশমিক ৩৩ শতাংশ। তিনি বলেন, গত এক দিনে যারা মারা গেছেন তাদের মধ্যে পুরুষ ২৮ জন ও নারী ৭ জন। আর এই পর্যন্ত মোট ২ হাজার ২৩৬ জন পুরুষ এবং ৫৯৯ জন নারী মারা গেছেন।