লাদাখে চীনের সেনা মোতায়েন

বাণিজ্যিকভাবে প্রত্যাঘাত করল ভারত

আপডেট : ২৪ জুলাই ২০২০, ২২:৪৩

ভারত-চীন সীমান্তের লাদাখ নিয়ে চীনের সঙ্গে সংঘাতে ভারত। সামরিক বাহিনীর মধ্যে আলোচনা সত্ত্বেও লাদাখ সীমান্তে এখনো ৪০ হাজার সেনা মোতায়েন রেখেছে চীন। ভারতীয় ভূখণ্ড ছেড়ে যায়নি চীনা বাহিনী। তাই চীনকে শিক্ষা দিতে এবার বাণিজ্যিক পথে প্রত্যাঘাত করল ভারত। দেশে চীনা সংস্থাগুলোর বাণিজ্যের পথ কার্যত বন্ধ করে দিল ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকার। খবর ভয়েস অব আমেরিকার

ভারতের এক সরকারি নির্দেশনায় বলা হয়েছে, ভারতের সঙ্গে যে দেশগুলো সীমান্ত ভাগ করছে এমন দেশগুলোর বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলোকে ভারতের কেন্দ্রীয় সরকারি সংস্থা, সরকারি-বেসরকারি যৌথ উদ্যোগ (পিপিপি), সরকারি ব্যাংক, স্বশাসিত সংস্থার প্রকল্পে শামিল হতে গেলে উপযুক্ত কর্তৃপক্ষের কাছে নাম নথিবদ্ধ করে অনুমতি নিতে হবে। কেবল তাই নয়, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের থেকে অনুমতি নেওয়ার পর স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয় থেকেও অনুমতি নিতে হবে। তবে এক্ষেত্রে করোনা মোকাবিলায় ওষুধ ও পিপিই ইত্যাদি সামগ্রীর ক্ষেত্রে ৩১ ডিসেম্বর পর্যন্ত ছাড় দেওয়া হয়েছে। জানা গেছে, বিদেশি সংস্থাগুলোর (চীনা সংস্থা) নথিবদ্ধকরণের বিষয়টি দেখবে ডিপার্টমেন্ট ফর প্রমোশন অব ইন্ডাস্ট্রি অ্যান্ড ইন্টারনাল ট্রেড (ডিপিআইআইটি)। ভারতে বাণিজ্য করতে গেলে ডিপিআইআইটির কাছে আগাম অনুমতি নিতে হবে। তারপর সেই আবেদন যাবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে। সেখান থেকে অনুমোদন মিললে তবেই ভারতে বিনিয়োগ করা যাবে।