ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে লাশ পরিবহনের ব্যবসা নিয়ে কর্মচারীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে কর্মচারিসহ আহত হয়েছেন ৪ জন। গতকাল শুক্রবার বিকালে এ সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। সংঘর্ষের কারণে চিকিত্সা সেবা ব্যাহত হয়েছে বলে জানিয়েছেন ঢামেক পুলিশ ক্যাম্পের পুলিশ পরিদর্শক বাচ্চু মিয়া।
তিনি বলেন, ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল- ২ এর পাশে লাশ পরিবহনে অ্যাম্বুলেন্স রাখা নিয়ে ঢামেক ইউনিট আওয়ামী লীগ সভাপতি ও ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের ৪র্থ শ্রেণির কর্মচারী সমিতির সাবেক সভাপতি খালেক গ্রুপ ও রমিজ গ্রুপের মধ্যে শুক্রবার বিকালে হাতাহাতির ঘটনা ঘটেছে। এতে খালেকের অনুসারী মো. সাজ্জাদ (২৬), আয়েশা (৩৪), মোস্তফা (২৮) এবং আলামিন (২০) আহত হয়েছেন। আহত চারজনই ঢাকা মেডিক্যাল থেকে চিকিত্সা নিয়েছেন। খালেক গ্রুপে নেতৃত্ব দেয় তার ভাগ্নে আলম। আর রমিজ গ্রুপে নেতৃত্ব দেয় রমিজ নিজে।
তিনি আরো বলেন, এ ঘটনায় পরিস্থিতি স্বাভাবিক করার জন্য শাহবাগ থানা পুলিশ খালেক, রমিজ ও আলমকে জিজ্ঞাসাবাদের জন্য শাহবাগ থানায় নিয়ে গেছেন। মেডিক্যাল এলাকায় কয়েকজন অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
