উত্তরায় বহুতল ভবনে আগুন

আপডেট : ২৪ জুলাই ২০২০, ২২:৪৪

রাজধানীর উত্তরায় একটি বহুতল ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল বিকাল ৩টার দিকে ১৩ নম্বর সেক্টর গরীবে নেওয়াজ অ্যাভিনিউর ২৫ নম্বর বাড়ির ষষ্ঠতলায় এ আগুনের ঘটনা ঘটে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে জানান ফায়ার সার্ভিস সূত্র।

উত্তরা ফায়ার স্টেশনের ইনচার্জ মনিরুজ্জামান জানান, ছয় তলাবিশিষ্ট ভবনটির ওপরের তলায় এলিট পেইন্ট পরিচালিত সুপারটেল নামক কল সেন্টার রয়েছে। ঐ সেন্টার থেকেই আগুনের সূত্রপাত। খবর পেয়ে পাঁচটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। আগুনে লক্ষাধিক টাকার মালামাল পুড়লেও কোনো মানুষের ক্ষয়ক্ষতি হয়নি।

তিনি আরো বলেন, ছয়তলা ভবনটিতে কোনো ভেন্টিলেটর নেই। জানালাগুলো এয়ার টাইট করে বন্ধ করা। সিকিউরিটি লক থাকায় এক রুম থেকে আরেক রুমে যেতে বেগ পেতে হয়। এতে করে আগুন নিয়ন্ত্রণে আনতে কষ্টকর হয়ে যায়। আগুন থেকে তৈরি ধোঁয়া সব বিল্ডিংয়ের বিভিন্ন ফ্লোরে ধোঁয়াচ্ছন্ন হয়ে যায়।

তিনি আরো বলেন, সার্ভার রুমে কোনো বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে তদন্ত সাপেক্ষে বিস্তারিত জানানো হবে।