আরিচায় নৌকাডুবি ব্যবসায়ীসহ ৩৬ গরু নিখোঁজ

আপডেট : ২৪ জুলাই ২০২০, ২২:৫০

প্রবল স্রোত ও ঢেউয়ের আঘাতে আরিচা ঘাটের অদূরে গতকাল শুক্রবার সকালে যমুনায় কোরবানির পশু বোঝাই নৌকাডুবিতে এক ব্যবসায়ীসহ ৩৬টি গরু নিখোঁজ রয়েছে। মাঝি-মাল্লা, খামারি ও রাখালদের স্থানীয় নৌকাযোগে উদ্ধার করা হলেও ডুবে যাওয়া নৌকা ও গরু গতকাল বিকালে এ রিপোর্ট লেখা পর্যন্ত উদ্ধার করা যায়নি।

জানা গেছে, পাবনার নগরবাড়ী ঘাটের এনামূল ট্রান্সপোর্ট থেকে সকাল ৭টার দিকে ৪০টি গরু নিয়ে একটি নৌকা আরিচা সাপ্তাহিক হাটের উদ্দেশ্যে ছেড়ে আসে। এ নৌকাডুবিতে উদ্ধার হওয়া সাঁথিয়া উপজেলার মানপুর গ্রামের গরু ব্যবসায়ী রহম আলী জানান, মাঝি-মাল্লাসহ ২৮ জন আরোহী নিয়ে আরিচা ঘাটের কাছে পৌঁছালে প্রবল স্রোত ও ঢেউয়ে নৌকাটি তলিয়ে যায়। একই উপজেলার বনগ্রামের বাসিন্দা সালাম জানান, তিনি একটি গরু বিক্রির জন্য এ নৌকায় আরোহী হয়ে হাটে আসছিলেন। নৌকা আরোহী তার ফুপা রজ্জব আলী নিখোঁজ রয়েছেন। আরিচা স্থল কাম পাটুরিয়া নৌবন্দর ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মজিবুর রহমান জানান, উদ্ধার তত্পরতা চালিয়ে নৌকা ও গরুর সন্ধান মেলেনি।