স্বাস্থ্য বিভাগের অনুমোদন ছাড়াই রংপুর নগরীর ধাপ এলাকায় দীর্ঘদিন ধরে চলছিল সেবা প্রাইভেট নামে একটি হাসপাতাল। এক ব্যক্তি এমবিবিএস ডাক্তার পরিচয়ে নানান রোগের চিকিত্সা করে আসছিলেন সাধারণ রোগীদের। ডাক্তার সেজে রোগীদের প্রতারিত করার অভিযোগে হাসপাতালটির মালিক রফিকুল ইসলামকে গ্রেফতার করেছে র্যাব। সেই সঙ্গে ভ্রাম্যমাণ আদালত ১ লাখ টাকা জরিমানা, অনাদায়ে তিন মাসের কারাদণ্ড দিয়েছে তাকে। হাসপাতাল থেকে সব রোগীদের অন্যত্র স্থানান্তর করে সিলগালা করার আদেশ দেওয়া হয়েছে। র্যাব-১৩ কোম্পানি কমান্ডার হাফিজার রহমান বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন।
র্যাব জানায়, রংপুর নগরীর ধাপ এলাকায় চার তলাবিশিষ্ট ভবন ভাড়া নিয়ে সেবা প্রাইভেট হাসপাতাল পরিচালনা করে আসছিল ঐ ভুয়া ডাক্তার। স্বাস্থ্য বিভাগের কোনো অনুমোদন ছাড়াই অবৈধভাবে রোগী ভর্তি করে চিকিত্সার নামে প্রতারিত করে আসছিলেন তিনি। গোপন সূত্রে খবর পেয়ে র্যাবের একটি চৌকস দল বৃহস্পতিবার বিকেলে হাসপাতালটিতে অভিযান চালায়। হাসপাতালের মালিক রফিকুল নিজেকে চিকিত্সক পরিচয় দিয়ে রোগী দেখে ব্যবস্থাপত্র দিচ্ছিলেন। তার কোনো ডাক্তারি সনদ আছে কি না জানতে চাইলে তিনি এক পর্যায়ে স্বীকার করেন পঞ্চম শ্রেণি পর্যন্ত লেখা পড়া করেছেন তিনি। কেন এমবিবিএস পদবি ব্যবহার করছেন জানতে চাইলে সদুত্তর দিতে পারেননি।
