করোনার ভয়ে সম্মেলন বাতিল ট্রাম্পের

আপডেট : ২৪ জুলাই ২০২০, ২২:৫২

করোনা ভাইরাসের আতঙ্কে ফ্লোরিডায় নিজ দল রিপাবলিকান পার্টির সম্মেলন বাতিল করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। তার জায়গায় তিনি অনলাইন টেলি-সম্মেলন করবেন। দীর্ঘদিন যিনি করোনাকে আমল দেননি। এখন সেই ট্রাম্পই করোনার ভয়াবহতাকে স্বীকার করে নিচ্ছেন। তিনি মাস্ক পরছেন এবং পরতে বলছেন। ট্রাম্প বলেছেন, এত বড় সমাবেশের সঠিক সময় এটা নয়। খবর ডয়চেভেলের

ফ্লোরিডায় এই সমাবেশে ট্রাম্পকে আনুষ্ঠানিকভাবে প্রেসিডেন্ট পদে প্রার্থী করা হতো। তাই এই সম্মেলন ছিল খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু ট্রাম্প জানিয়েছেন, পুরোটাই এখন অনলাইন হবে। তিনিও ভার্চুয়াল সভায় অনলাইন ভাষণ দেবেন। ট্রাম্প জানিয়েছেন, তার হাজার হাজার সমর্থক যোগ দিতে চেয়েছিলেন। কিন্তু তার মনে হয়েছে, এটা ঠিক হবে না। ফ্লোরিডা হলো করোনা হটস্পট। যারা আসবেন তাদের বাড়ি ফিরে কোয়ারেন্টাইনে থাকতে হবে। তার ঘোষণা, আমি কোনো ঝুঁকি নিতে চাই না। আমি দেখেছি, মিডিয়াও বলছে, এখন সম্মেলন করা নিরাপদ নয়। আগস্টের তৃতীয় সপ্তাহে এই সম্মেলনে ১০ হাজারেরও বেশি প্রতিনিধির যোগ দেওয়ার কথা ছিল।