করোনা উপসর্গ নিয়ে সাত জনের মৃত্যু

আপডেট : ২৪ জুলাই ২০২০, ২২:৫৩

করোনার উপসর্গ নিয়ে কুমিল্লা, রংপুর ও সাতক্ষীরায় সাত জনের মৃত্যু হয়েছে। খবর আমাদের স্টাফ রিপোর্টার, প্রতিনিধি ও সংবাদদাতার।

কুমিল্লা : কুমিল্লা মেডিক্যাল কলেজ (কুমেক) হাসপাতালে করোনার উপসর্গ নিয়ে নারীসহ আরো তিন জন মারা গেছেন। গত ২৪ ঘণ্টায় হাসপাতালের আইসিইউতে চিকিত্সাধীন অবস্থায় তারা মারা যান। শুক্রবার কুমেক হাসপাতালের পরিচালক ডা. মো. মজিবুর রহমান এ তথ্য জানান। মৃতরা হলেন— কুমিল্লা আদর্শ সদর উপজেলার সায়েদ আলীর ছেলে আবু তাহের (৭০), দাউদকান্দি উপজেলার ইউনুছ আলীর ছেলে নূর আহম্মেদ (৬৫) ও দেবিদ্বার উপজেলার আবুল কাশেমের মেয়ে হনুফা বেগম (৪০)। এ পর্যন্ত এই হাসপাতালের করোনা ইউনিটে পজিটিভ ও উপসর্গ নিয়ে মোট ২৫৫ জন মারা গেছেন।

রংপুর : জেলার পীরগঞ্জে ও কাউনিয়ায় করোনার উপসর্গ নিয়ে দুই ব্যক্তির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার পীরগঞ্জের আলহাজ আমছার আলী নামের এক ব্যক্তি করোনায় হাসপাতালে মারা গেছেন। অপরদিকে কাউনিয়া উপজেলার সারাই ইউনিয়নের কাচু আলুটারি গ্রামের শাহাদত আলম (৩৫) শ্বাসকষ্ট নিয়ে মারা যান। গত ১৭ জুলাই শাহাদত ঢাকা থেকে আসেন। তার মৃত্যু হয়েছে জেনে এলাকার কেউ পাশে আসেনি।

সাতক্ষীরা : করোনার উপসর্গ নিয়ে মরিয়ম খাতুন (৫৫) নামের এক নারী  বৃহস্পতিবার রাতে সাতক্ষীরা মেডিক্যাল কলেজ হাসপাতালের আইসোলেশনে এবং লায়লা বেগম (৬৫) নামের অপর এক বৃদ্ধা রাতে তার নিজ বাড়ি কালীগঞ্জ উপজেলার নলতায় মারা গেছেন। দুই জনেরই নমুনা সংগ্রহ করা হয়েছে। জেলায় করোনার উপসর্গ নিয়ে এ পর্যন্ত মারা গেছেন ৪৩ জন এবং করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন আরো ১৯ জন।