করোনার রক্তচক্ষুকে উপেক্ষা করে যুক্তরাষ্ট্রে মাঠে গড়াচ্ছে মেজর বেসবল লিগের এবারের মৌসুম। লিগকে সমর্থন জানাতেই এবার হোয়াইট হাউসে বেসবল খেললেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুধু তাই নয়, বেসবলের পাশাপাশি অতিদ্রুত সবধরণের ক্রীড়া ইভেন্ট মাঠে ফেরানোর ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট।
করোনায় বিপর্যস্ত মার্কিন মুল্লুক। অথচ সেইসবে কেয়ার করছেন না মার্কিন প্রেসিডেন্টে। দৃষ্টি সরাতে প্রাদুর্ভাবের মধ্যেই অনুমতি দেয়া হয়েছে দেশটির সবচাইতে জমজমাট আসর মেজর বেসবল লিগ শুরু করার। সেটাকে প্রতিষ্ঠিত করতেই হোয়াইট হাউজে বেসবল খেলেন তিনি।
নিউইয়র্ক ইয়াঙ্কিন্সের ক্ষুদে সমর্থকদের সঙ্গে ট্রাম্প বেসবল খেললেন মিনিট পাঁচেক। ছিলেন দেশটির কিংবদন্তি তারকা মারিয়ানো রিভেরাও। তবে ডোনাল্ড ট্রাম্প থাকবেন আর বিতর্ক থাকবেনা এমটা কি হতে পারে ? নিজে ম্যাচ দেখবেন কিনা সাংবাদিকদের এমন প্রশ্নে স্বভাবসুলভ উত্তর মার্কিন অধিপতির।
এক সাংবাদিক তাকে প্রশ্ন করেন, আপনি কি খেলা দেখবেন? ট্রাম্প বলেন, দেখুন আমাকে অনেক খেলা নিয়েই ব্যস্ত থাকতে হয়। চীন, রাশিয়া, উত্তর কোরিয়াসহ ত্রিশটি দেশকে নিয়ে। তবে হ্যাঁ আমি কয়েকটি ম্যাচ দেখবো। তবে সম্পূর্ণ নয়।
আরেক সাংবাদিক প্রশ্ন করেন, মিস্টার প্রেসিডেন্ট আপনি কি জানেন বেসবল তারকা জুয়ান সোটোর করোনা পজিটিভ এসেছে ? তিনি বলেন, তাই নাকি ? দেখুন আমি নিশ্চয়ই তার সেবা করবো না। তার সেবা করার জন্য অনেকেই আছেন।
এখানেই শেষ নয়। দর্শকশূণ্য স্টেডিয়ামে এবারের বেসবল লিগ আয়োজনের কথা থাকলেও ১৫ই আগস্ট রেড সক্সের বিপক্ষে ম্যাচ দেখতে মাঠে যাওয়ার কথাও জানান ট্রাম্প। সাথে ধন্যবাদ জানান আয়োজক কমিটিকেও।
যদিও মার্কিন প্রেসিডেন্টের এমন উচ্চ প্রত্যাশার সঙ্গে মোটেও একমত নন দেশটি স্বাস্থ্য বিশেষজ্ঞরা। কারণ এখনও দেশটিতে সক্রিয় করোনা কেইসের সংখ্যা ২১ লাখ ছাড়িয়েছে। করোনার কারণে ৪ মাসের বেশি সময় সব ধরণের ক্রীড়া ইভেন্ট বন্ধ ছিলো যুক্তরাষ্ট্রে।
ইত্তেফাক/এসআই
