১৯৯৪ সালের পর ওয়েস্ট ইন্ডিজের প্রথম বোলার হিসেবে ২০০ উইকেটের মাইলফলক পূর্ণ করেছেন কেমার রোচ। ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের তৃতীয় এবং শেষ টেস্টে ক্রিস ওকসকে বোল্ড করে এই মাইলফলকে নিজের নাম লেখান তিনি।
ইংল্যান্ডের বিপক্ষে চলতি সিরিজ শুরুর আগে এই মাইলফলক থেকে মাত্র ৭ উইকেট দূরে ছিলেন রোচ। তার আগে সর্বশেষ ক্যারিবীয় পেসার হিসেবে ২০০ উইকেট নিয়েছিলেন কার্টলি অ্যামব্রোস।
এরপর দীর্ঘ দিন এই মাইলফলক আর কেউ ছুঁতে পারছিলেন না। দীর্ঘ ২৬ বছর পর সেই আক্ষেপ ঘুচালেন রোচ। প্রথম টেস্টে দারুণ বোলিং করেও তিনি ছিলেন উইকেটশূন্য। দ্বিতীয় টেস্টেই নিজের চেনা ছন্দে ফেরেন রোচ। চার ইংলিশ ব্যাটসম্যানকে তিনি সাজঘরের পথ দেখান। এবার তৃতীয় টেস্টে তৃতীয় উইকেট তুলে নিয়েই মাইলফলকে নাম লেখালেন তিনি।
২০০৯ সালে বাংলাদেশের বিপক্ষে টেস্ট অভিষেক হয় রোচের। সেই সিরিজে দুই টেস্টে যথাক্রমে ৬ উইকেট এবং ৭ উইকেট নেন রোচ। ধারাবাহিক পারফরম্যান্সে ক্যারিবীয় দলের বোলিং লাইনআপের মূল ভরসা হয়ে ওঠেন তিনি।
ইত্তেফাক/এসআই
