ব্যবসায় সংগঠন ও
ব্যবস্থাপনা প্রথমপত্র
পপেল চন্দ্র সাহা, সহকারী অধ্যাপক
আবদুল কাদির মোল্লা সিটি কলেজ, নরসিংদী
সৃজনশীল প্রশ্ন ও উত্তর
প্রথম অধ্যায় ব্যবসায়ের মৌলিক ধারণা
১। গতানুগতিক ব্যবসায়ীগণ ফরমালিনের প্রভাব চিন্তা না করেই রাজশাহীর বাজার থেকে আম আনেন। অলক বাবু একজন ব্যতিক্রমী ব্যবসায়ী। তিনি সরাসরি রাজশাহীর আমের বাগান থেকে ফরমালিনমুক্ত আম কিনে ঢাকার কাওরান বাজারে বিক্রি করেন। ফরমালিনমুক্ত আম পচে লাভের পরিবর্তে ক্ষতিও হতে পারে। সেটি জানা সত্ত্বেও অলক বাবু এরূপ কাজটি করে যাচ্ছেন।
ক. সামাজিক ব্যবসায় কী? ১
খ. শিল্পকে উত্পাদনের বাহন বলা হয় কেন? ব্যাখ্যা করো। ২
গ. অলক বাবুর ব্যবসায়ে কোন ধরনের উপযোগ সৃষ্টি হয়? ব্যাখ্যা করো। ৩
ঘ. অলক বাবুর উদ্যোক্তা হিসেবে কোন দিকটি ফুটে উঠেছে? ৪
উত্তর -ক : যে ব্যবসায় গড়তে ব্যক্তি বা ব্যক্তিবর্গ মূলধন দেন কিন্তু তার পেছনে মুনাফা অর্জন বা লভ্যাংশ প্রাপ্তির কোনো উদ্দেশ্য থাকে না বরং সমাজের কল্যাণ ও দারিদ্র দূরীকরণের উদ্দেশ্যই থাকে মুখ্য তাকে সামাজিক ব্যবসায় বলে।
উত্তর -খ: প্রকৃতি প্রদত্ত সম্পদ সংগ্রহ ও এতে উপযোগ সৃষ্টির সকল প্রচেষ্টাকেই শিল্প বলে।
শিল্প উত্পাদনের বাহন এবং ব্যবসায়ের উত্পাদনকারী শাখা। অর্থাত্ মানুষের প্রয়োজন পূরণের জন্য বিভিন্ন পণ্য বা সেবা সামগ্রী উত্পাদন করাই শিল্পের কাজ। একারণেই শিল্পকে উত্পাদনের বাহন বলা হয়ে থাকে।
উত্তর -গ: অলক বাবুর ব্যবসায়ে স্থানগতি উপযোগ সৃষ্টি হয়। ব্যবসায় প্রতিষ্ঠানে পরিবহনের মাধ্যমে স্থানগতি উপযোগ সৃষ্টি হয়। পণ্যদ্রব্য একস্থান থেকে ক্রয় করে অন্যস্থানে পরিবহনের মাধ্যমে নিয়ে বিক্রয় করার ফলে পণ্যের স্থানগতি উপযোগ সৃষ্টি হয়। ফলে একদেশের পণ্য অতিসহজেই স্থানান্তর করা সহজ হয়।
উদ্দীপকে অলক বাবু ফরমালিনের কথা চিন্তা করে আম কিনে আনেন রাজশাহীর বাজার থেকে এবং সেই আম ঢাকায় বিক্রয় করেন। যার ফলে স্থানগতি উপযোগ সৃষ্টি হয়। পরিবহনের মাধ্যমেই সহজে আমরা একস্থান থেকে অন্যস্থানে পণ্য পেয়ে থাকি। তাই বলা যায়, অলক বাবুর ব্যবসায়ে স্থানগত উপযোগ সৃষ্টি হয়েছে।
উত্তর -ঘ: অলক বাবুর কাজে নৈতিকতার দিকটি ফুটে উঠেছে।
ব্যবসায়ে উচিত নীতি নৈতিকতা মেনে চলা এবং মন্দ বর্জন করা ভালোটা গ্রহণ করা। নৈতিকতা দৃঢ় থাকলে একজন ব্যবসায়ি অনৈতিক কাজ করতে পারে না।
উদ্দীপকে অলক বাবু গতানুগতিক ব্যবসায়ীর মতো কাজ করেননি। তিনি ফরমালিনের কুপ্রভাবের কথা চিন্তা করেছেন। তাই সরাসরি রাজশাহীর আম বাগান থেকে ফরমালিনমুক্ত আম ক্রয় করে ঢাকায় বিক্রি করেন। ফরমালিনমুক্ত আম লাভের পরিবর্তে ক্ষতিও হতে পারে তা জেনেও অলক বাবু ফরমালিনমুক্ত আম বিক্রি করছেন এতে তার কর্মকাণ্ডে নৈতিকতার গুণটি ফুটে উঠেছে।
অলক বাবু যেহেতু ফরমালিনযুক্ত আম না কিনে ফরমালিনমুক্ত আম কিনেছেন অর্থাত্ মন্দটা বর্জন করে ভালোটা গ্রহণ করেছেন।
তাই অলক বাবুর কাজে উদ্যোক্তায় নৈতিকতার গুণটা ফুটে উঠেছে। প্রত্যেক ব্যবসায়ীর উচিত এই গুণটি অবলম্বন বা অনুসরণ করা।
