দেশে অনলাইনে পশুর হাটের যাত্রা শুরু প্রায় এক দশক হলো। এর মধ্যে গত কয়েক বছরে অনলাইনে পশুর হাটের জনপ্রিয়তার গ্রাফটা বেশ সোজা ঊর্ধ্বমুখী। করোনা পরিস্থিতির কারণেই এ বছর গরুর এই ভার্চুয়াল হাট নিয়ে দেশীগরুবিডি ডট কমের (deshigorubd.com) প্রধান নির্বাহী টিটো রহমান বলেন, ‘অনলাইনে পশুর হাটের কেনাকাটা এ বছর আগের সব ইতিহাসকে ছাপিয়ে যাবে। আমরা কোরবানির গরুর জন্য বুকিং নিতে শুরু করেছি। বেশকিছু বুকিং পেয়েছিও। করোনার কারণেই সম্ভবত এবার রেসপন্স ভালো। সামনে আরও বাড়বে বলে আশা করছি।’
তিনি বলেন, দেশের বিভিন্ন এলাকা থেকে সম্পূর্ণ অর্গানিক গরু আমরা সংগ্রহ করছি। কোনো ধরনের কৃত্রিম উপায়ে মোটাতাজা করা হয়নি এমন গরুই কেবল সংগ্রহ করেছি আমরা। আর যারা বুকিং দিচ্ছেন, ঈদের দু’দিন আগে তাদের বাসায় গরু পৌঁছে দেওয়া হবে। গ্রাহকদের সুবিধার্থে দেশীগরুবিডি ডটকমে গরুর দামের ৫০% অগ্রিম দিয়ে বুকিং দিলে গরু ডেলিভারি দেয়ার সময় বাকি ৫০% টাকা দিয়ে গরু বুঝে নিতে পারবেন। আর সবার প্রত্যাশা মতো বিক্রিও এ বছর বেশি হবে মনে করছে তিনি।
