সিলেটের শাহপরাণ থানার মেজরটিলা এলাকায় মাদক মামলার আসামি আবদুল্লাহকে গ্রেপ্তার করতে গেলে পুলিশের ধাওয়া খেয়ে ছাদ থেকে পড়ে তার মৃত্যু হয়েছে। বুধবার ভোর রাত ৫টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, নিহত আব্দুল্লাহ (৩৩) শাহপরাণ থানার মাদক মামলার ওয়ারেন্টভূক্ত আসামি। তিনি গোয়াইনঘাট থানার উত্তর নওয়াগ্রামের বাসিন্দা। বর্তমানে সিলেটের শাহপরাণ থানার মেজরটিলা ফালগুনি এলাকার ৩৮নং মারুফ ভিলায় বসবাস করতেন।
নিহতের বড় ভাই তাজুল ইসলাম জানান, বুধবার ভোর রাত ৪টার দিকে মো. আব্দুল্লাহকে গ্রেপ্তার করতে শাহপরাণ থানার এসআই রাজিব কুমারের নেতৃত্বে পুলিশ তাদের বাড়িতে অভিযান চালায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে আব্দুল্লাহ পালিয়ে পাশের বাড়ির ছাদে আশ্রয় নেওয়ার চেষ্টাকালে নিচে পড়ে গুরুতর আহত হন। আব্দুল্লাহকে আহত হয়ে পড়ে থাকতে দেখে স্থানীয়রা ও তার আত্মীয়স্বজন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। বুধবার ভোর রাত ৫টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
শাহপরান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আক্তার হোসেন জানান, মাদক মামলার ওয়ারেন্টভূক্ত আসামি আব্দুল্লাহর বাড়িতে অভিযান চালানো হয়। তখন আব্দুল্লাহ গ্রেপ্তার এড়াতে পালিয়ে যাওয়ার সময় ছাদ থেকে পড়ে গিয়ে আহত হন। পরে তাকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের নিয়ে যাওয়া হয়। সেখানে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
ইত্তেফাক/জেডএইচ
