বদলগাছীতে জমে উঠছে না কোরবানির পশুর হাট

আপডেট : ২৫ জুলাই ২০২০, ২১:৩৫

বদলগাছী (নওগাঁ) সংবাদদাতা

বদলগাছীতে এখনো জমে ওঠেনি কোরবানির পশুর হাট। সরেজমিনে কোলাহাট, ভান্ডারপুর, গোবরচাঁপা, মাতাজিহাট ঘুরে দেখা গেছে, করোনার প্রভাবে কোরবানি পশুর দাম এবার কম। শুক্রবার কোলার হাটে স্থানীয় ব্যবসায়ীরা গরু, ছাগল হাটে তুলেছেন। তবে ক্রেতা সে তুলনায় আসেছেন না। স্থানীয় গরু খামারিরা জানান, গরুর দাম কম হওয়ায় আমাদের মতো খামারিদের অনেক লোকসান গুনতে হচ্ছে।  চকগোপিনাথ গ্রামের গরু ব্যাবসায়ী মো. আবুল হোসেন, ওমর আলী জামাল উদ্দীনসহ অনেকে জানায়, এ বছর কোরবানির বড় গরু থেকে ছোট ও মাঝারি গরুর চাহিদা আছে। উপজেলা নির্বাহী অফিসার দায়িত্বপ্রাপ্ত সহকারী কমিশনার (ভূমি) নাহারুল ইসলাম বলেন, গত সোমবার উপজেলার গবরচাপা হাটে টোল বেশি নেওয়ার জন্য জরিমানা করা হয়েছে। আগামী হাটগুলোতে অভিযান চালানো হবে।

জৈন্তাপুরে খেলার মাঠ এখন পশুর হাট

জৈন্তাপুর (সিলেট) সংবাদদাতা জানান, জৈন্তাপুর উপজেলা সদরে রাজবাড়ি মাঠটি পশুর হাট হিসেবে ব্যবহূত হচ্ছে। বিষয়টি উপজেলা নিবার্হী অফিসার নাহিদা পারভীন ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফারুক আহমদকে জানানো হয়েছে। জানা গেছে, রাজবাড়ি খেলার মাঠসংলগ্ন এলাকাটি আবাসিক। মাঠের রাস্তা দখল করায় চলাচল বাধাগ্রস্ত হচ্ছে। রোগী নিয়ে হাসপাতালেও যাওয়া যাচ্ছে না। উপজেলা নিবার্হী অফিসার নাহিদা পারভীন জানান, রাষ্ট্রীয় সিদ্ধান্তে জৈন্তাপুর রাজবাড়ি খেলার মাঠে পশুর হাট বসার অনুমতি দেওয়া হয়েছে।

উখিয়ায় পশুর হাটে জাল টাকা আতঙ্ক

উখিয়া (কক্সবাজার) সংবাদদাতা জানান, পবিত্র ঈদুল আজহায় পশুর হাটে জাল নোট চক্র সক্রিয় হয়ে উঠেছে। উখিয়া থানার ওসি মর্জিনা আকতার মরজু বলেন, ঈদুল আজহায় নিরাপত্তা নিশ্চিতে মার্কেট ও পশুর হাটবাজারগুলোতে পুলিশের দায়িত্বপালন অত্যাবশ্যকীয় রাখা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নিকারুজ্জামান চৌধুরী বলেন, চলমান করোনা ভাইরাস থেকে জনসাধারণকে রক্ষা করার জন্য হাটবাজারে স্বাস্থ্যবিধি মেনে চলার বাধ্যবাধকতার পাশাপাশি নিরাপত্তা নিশ্চিত রাখার জন্য সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।