ফরিদগঞ্জে লোডশেডিংয়ে অতিষ্ঠ স্থানীয়রা!

আপডেট : ২৫ জুলাই ২০২০, ২১:৩৯

ফরিদগঞ্জ (চাঁদপুর) সংবাদদাতা

ফরিদগঞ্জে প্রতিদিন পাঁচ-ছয় ঘণ্টা বিদ্যুতের লোডশেডিং চলছেই। দিনেরাতে কতবার বিদ্যুত্ আসে আর যায় তার হিসাব রাখা কঠিন। দুর্ভোগে আছেন এলাকার গ্রাহকরা। উপজেলার ব্যবসায়ীরা জানান, বিদ্যুতের অসহনীয় ভোগান্তিতে তারা অতিষ্ঠ হয়ে পড়েছেন। সঠিকভাবে ব্যবসাপ্রতিষ্ঠান পরিচালনা করতে পারছেন না। পোলট্রি শিল্পের সঙ্গে জড়িত অনেকেই জানান, ফার্মগুলোতে তীব্র গরমে মুরগিগুলো মরার উপক্রম হয়েছে। সঠিকভাবে বিদ্যুতের মিটার রিডিং নেওয়া ও গ্রাহক পর্যায় বিল কপি পৌঁছানো না হওয়ায় হয়রানির স্বীকার হচ্ছে। ফরিদগঞ্জ পল্লী বিদ্যুত্ অফিসের এজিএম মো. কামরুল হাসান জানান, সবকটি ফিডার আপডেট করা হচ্ছে তাই কিছুটা সমস্যা হচ্ছে। ঝড়বৃষ্টি ও লাইন মেরামতজনিত কারণেই সমস্যা হয়। রূপসা ও গৃদকালিন্দিয়া সাবস্টেশনের কাজ সম্পন্ন হলে আর কোনো সমস্যা হবে না। তবে লাইন ক্যাপাসিটির অভাবে চাহিদানুপাতে বিদ্যুত্ নিতে পারছি না। ফিডারগুলোর কাজ আপডেট হলে আশা করি নিরবচ্ছিন্ন বিদ্যুত্ সরবরাহ নিশ্চিত করা যাবে।