ভাঙ্গুড়া (পাবনা) সংবাদদাতা
পাবনা পল্লী বিদ্যুত্ সমিতি-১ এর আওতায় ভাঙ্গুড়া উপজেলার তিনটি ইউনিয়নে বন্যার কারণে বিদ্যুত্ লাইনগুলো অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। এ কারণে এখানে প্রতিদিন দুই ঘণ্টা বিদ্যুত্ সরবরাহ বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইউনিয়নগুলো হলো—খানমরিচ, দিলপাশার ও অষ্টমণিষা। পল্লী বিদ্যুতের ভাঙ্গুড়া আঞ্চলিক অফিসের সহকারী মহাব্যবস্থাপক মোহাম্মদ মনির হোসেন বলেন, ঐ এলাকায় দুই পোলের মাঝে ঝুঁকে পড়া লাইনের তার এবং পানির দূরত্ব তিন/চার ফুটের বেশি হবে না। এ কারণে নৌচলাচলের সময় বিদ্যুত্স্পৃষ্ট হয়ে প্রাণহানীর আশঙ্কা দেখা দিয়েছে। তাই পিলারের ধার দিয়ে নৌচলাচল করতে নৌযান মালিকদের সতর্ক নির্দেশনা দেওয়া হয়েছে। সেই সঙ্গে পিক আওয়ারে অধিক নৌকা চলাচল করায় সন্ধ্যা সাড়ে ৭টা হতে রাত সাড়ে ৯টা পর্যন্ত এখানে বিদ্যুত্ সরবরাহ বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
