সংবাদ সংক্ষেপ

আপডেট : ২৫ জুলাই ২০২০, ২১:৪৩

মত্স্য অভয়াশ্রম স্থাপন বিষয়ে মতবিনিময়

ভূঞাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা ভূঞাপুরে বঙ্গবন্ধু সেতু এলাকায় মত্স্য অভয়াশ্রম স্থাপনবিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় শনিবার। উপজেলা মত্স্য দপ্তর উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত মতবিনিময় সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. নাসরীন পারভীনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য ছোট মনির।

চরাঞ্চলের বন্যাদুর্গতদের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ

রৌমারী (কুড়িগ্রাম) সংবাদদাতা রাজিবপুর উপজেলার যোগাযোগ বিচ্ছিন্ন চরাঞ্চলের নদীভাঙন ও বন্যায় পানিবন্দি অতিদরিদ্র পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করেছে স্বেচ্ছাসেবী সংগঠন ওয়াইড অ্যাঙ্গেল ফাউন্ডেশন। শনিবার উপজেলার চরাঞ্চলের তিন শতাধিক পরিবারের মধ্যে খাদ্যসামগ্রীর প্যাকেট তুলে দেওয়া হয়। ওয়াইড অ্যাঙ্গেল ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী হুমায়নুন কবির এসব বিতরণ করেন।

ত্রাণ পেল বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবার

সুনামগঞ্জ প্রতিনিধি সুনামগঞ্জ পৌর শহরে বন্যায় ক্ষতিগ্রস্ত ২২৪টি পরিবারের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে। রেড ক্রিসেন্ট সোসাইটি জাতীয় সদর দপ্তরের সহায়তায় এবং জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের ব্যবস্থাপনায় শনিবার সুনামগঞ্জ কালীবাড়িস্থ রেড ক্রিসেন্ট সোসাইটির কার্যালয়ে ত্রাণ বিতরণের উদ্বোধন করেন সংসদের বিরোধী দলীয় হুইপ অ্যাড.পীর ফজলুর রহমান মিসবাহ এমপি।

দরিদ্র লেদ মেশিন শ্রমিকদের মধ্যে ঈদসামগ্রী বিতরণ

স্টাফ রিপোর্টার, রংপুর ঈদুল আজহা উপলক্ষ্যে রংপুর জেলায় দরিদ্র ও অসহায় লেদ মেশিন শ্রমিকদের মধ্যে ঈদের সামগ্রী বিতরণ করা হয়েছে। রংপুর জেলা লেদ মেশিন শ্রমিক ইউনিয়নের কর্মকর্তাদের উদ্যোগে শুক্রবার সন্ধ্যায় নগরীর স্টেশন রোডের কার্যালয়ে এই সামগ্রী বিতরণ করা হয়। রংপুর জেলা লেদ মেশিন শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. মজিদুল ইসলাম লালুর সভাপতিত্বে ঈদের সামগ্রী বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন রংপুর জেলা লেদ মেশিন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক এহসানুল হক লিটু, সহসভাপতি মোস্তফা কামাল প্রমুখ।

১০ কেজি করে চাল পেল ৮ হাজার পরিবার

ঘোড়াঘাট (দিনাজপুর) সংবাদদাতা ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রণালয়ের বরাদ্দকৃত ঈদুল আজহা উপলক্ষ্যে ঘোড়াঘাটে একটি পৌরসভাসহ চারটি ইউনিয়নে ৮ হাজার ৮৯টি পরিবার পেল ১০ কেজি করে চাল। শনিবার ঘোড়াঘাট পৌরসভার ওয়ার্ডভিত্তিক কমিশনারদের মাধ্যমে মোট ১ হাজার ৫৪০ জন, উপজেলার বুলাকীপুর ইউনিয়নে ১ হাজার ৮৭৫ জন, ২ নম্বর পালশা ইউনিয়নে ১ হাজার ৭১৫ জন, ৩ নম্বর সিংড়া ইউনিয়নে ২ হাজার ১৭৫ জন এবং ৪ নম্বর ঘোড়াঘাট ইউনিয়নে ৭৮৪ জন দুস্থ পরিবারের মধ্যে পৌরসভার পৌর মেয়র আব্দুস ছাত্তার মিলস, বুলাকীপুর ইউপি চেয়ারম্যান আলহাজ মাহফুজার রহমান, পালশা ইউপি চেয়ারম্যান কবিরুল ইসলাম, সিংড়া ইউপি চেয়ারম্যান আব্দুল মান্নান মণ্ডল, ঘোড়াঘাট ইউপি চেয়ারম্যান তৌহিদুল ইসলাম নিজ নিজ ইউনিয়নে ওয়ার্ড সদস্যদের মাধ্যমে চাল বিতরণ করেন।

পুলিশ ইউনিটে স্বাস্থ্যসামগ্রী বিতরণ

নাটোর প্রতিনিধি করোনা ভাইরাস প্রতিরোধে নাটোর জেলা পুলিশের ২৪টি ইউনিটের মধ্যে ভিটামিন ডি ক্যাপসুল, হ্যান্ড গ্লাভসসহ বিভিন্ন সামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সামনে সব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও ইউনিট সদস্যদের মধ্যে এসব বিতরণ করেন পুলিশ সুপার লিটন কুমার সাহা। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার মীর আসাদুজ্জামানসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।