মোফাজ্জল হোসাইন
স্প্যানিশ একটি প্রবাদ—‘De m·sico, poeta y loco, todos tenemos un poco.’ মানে হলো—‘We all have a little bit of musician, poet and crazy person in ourselves.’ যার ভাবার্থ হচ্ছে—‘প্রত্যেক মানুষের ভেতরেই কিছু সুপ্ত গুণ থাকে।’ একটু অনুকূল পরিবেশ পেলেই সেগুলো ফুটে উঠে। সুন্দরের উত্সাহে যেভাবে সৌন্দর্য ব্যাপ্ত হয় ঠিক সেভাবেই।
ধৈর্য, অধ্যবসায় ও নিয়মিত লেগে থাকার মাধ্যমেই আমরা চাইলে সেই গুণগুলো আয়ত্ত করতে পারি। যা করে বহু মানুষকে প্রতিনিয়ত তার লক্ষ্যের চূড়ায় আরোহণ করতেও দেখা যাচ্ছে। কিন্তু আমাদের দেশের শিক্ষার্থীরা আজকাল সেই পথে না গিয়ে, অধ্যবসায়ী না হয়ে, বিভিন্ন সময় বিভিন্ন বিষয়ের পিছনে ছুটছে। কোনোটাতেই ভালো করে সময় দিচ্ছে না। একটাতে ব্যর্থ হয়ে অন্য একটা বিষয়ের পিছনে লেগে যাচ্ছে। ব্যর্থতার আসল কারণটি জানার চেষ্টা করছে না। যার ফলে বারবার ভেঙে গিয়ে ভাবছে আমার প্রতিভা নেই, মেধা নেই। থাকলে এটা করতাম, ওটা করতাম। কিন্তু আসলেই কি তা কখনো করা হতো? যতক্ষণ না সত্যটা উপলব্ধি করা হচ্ছে।
গতকাল লাইভে এসে বাংলাদেশের দ্রুততম মানবী, অলেম্পিয়ান অ্যাথলেট, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী, আমাদের সবার পরিচিত শিরীন আপু এ নিয়ে বলেন, বেশি মেধা নিয়ে এই পৃথিবীতে আসলে কেউই আসে না। সবাই সেইম নিয়েই আসে এবং অধ্যবসায়ের ফলেই সবাই সফল হয়। যা থেকে আমরা বুঝতে পারি, ‘অধ্যবসায়’ শব্দটি আমাদের লাইফে সত্যিই খুবই গুরুত্বপূর্ণ। শুধু এই অধ্যবসায়ের ওপর ভিত্তি করেই একজন মানুষ চাইলে অনেক কিছু করতে পারে। তার স্বপ্নের পথে এগিয়ে যেতে পারে। যার উদাহরণ হিসেবে আমাদের আশেপাশে অনেককেই দেখা যায় এবং সেই অধ্যবসায় নিয়ে বহু গুণিজন বহু কথাও বলেছেন। তার মধ্যে ফ্রান্সের বিখ্যাত মানবতাবাদী দার্শনিক ভলটেয়ার বলেন, ‘প্রতিভা বলে কিছু নেই, পরিশ্রম ও সাধনা করে যাও, তাহলে প্রতিভাকে অগ্রাহ্য করতে পারবে।’ তাই মানবজীবনে আত্মপ্রতিষ্ঠার জন্য প্রয়োজন অধ্যবসায়, অসামান্য প্রতিভা নয়। এ নিয়ে আরো জানা যায় বিজ্ঞানী নিউটনের উক্তি থেকে। ওনি বলেন, ‘আমার আবিষ্কার প্রতিভাপ্রসূত নয়, বহু বছরের অধ্যবসায় ও নিরবচ্ছিন্ন সাধনার ফল।’ এ থেকেই বোঝা যায় অধ্যবসায় ও পরিশ্রম ছাড়া শুধু প্রতিভার কোনো মূল্য নেই।
অতএব, হার না মেনে লেগে থাকতে হবে। নিজের সুপ্ত গুণগুলোকে জাগ্রত করতে হবে। অধ্যবসায়ী হতে হবে। তবেই আমরা সফলতার দেখা পাব। দেশ ও দশের কল্যাণে কিছু করতে পারব।
n লেখক :শিক্ষার্থী, রাজশাহী বিশ্ববিদ্যালয়
