এই সময়ের ছড়া
বদরুল বোরহান
বাঙালির যত প্রেম বাজারের সঙ্গে,
কোত্থাও নেই এটা, আছে শুধু বঙ্গে।
টঙে চা, পান-বিড়ি খেয়ে সে কী আড্ডা,
প্রয়োজনে যেতে রাজি চক থেকে বাড্ডা।
মার্কেটে মেয়েরা তো ঘোরে নানা রঙ্গে,
সেজেগুঁজে পার্লারে অহেতুক ঢঙ্গে।
নেই কোনো কেনাকাটা, নেই কোনো কর্ম,
বেহুদাই ঘোরাঘুরি, অঘোষিত ধর্ম।
যেতে হবে শপিংয়ে সে কী উত্কণ্ঠা,
হুঁশ নেই সময়ের, কাটে কত ঘণ্টা?
করোনায় ঘরে এরা থাকে না তো বন্দি,
প্রয়োজনে মৃত্যুর সাথে করে সন্ধি।
বাজারের প্রেমে জাতি হতে রাজি লুপ্ত,
আশঙ্কা নয় আর, নয় মোটে গুপ্ত।
জেনেশুনে বিষ খেতে বাঙালিরা শীর্ষে,
খাল কেটে বাঘ আনে, কত বড় বীর সে!
