ইংল্যান্ড ৩৬৯
স্পোর্টস ডেস্ক
ম্যানচেস্টারে ব্যাটিংয়ে ছন্দপতন হয়েছে ক্যারিবিয়ানদের। দ্বিতীয় দিন চা বিরতির আগে ক্যারিবিয়ানরা করেছে তিন উইকেট হারিয়ে ৫৯ রান। একটি করে উইকেট নিয়েছেন তিন ইংলিশ পেসার স্টুয়ার্ট ব্রড, জোফরা আর্চার ও জেমস অ্যান্ডারসন।
এর আগে নিজেদের প্রথম ইনিংসে অলআউট হওয়ার আগে ৩৬৯ রান করে ইংল্যান্ড। ইনিংসে ছিল চারটি হাফ সেঞ্চুরি। সর্বোচ্চ রান করা ওলি পোপ ৯ রানের জন্য সেঞ্চুরি মিস করেন। রানে ফেরা জশ বাটলার করেন ৬৭ রান। পঞ্চম উইকেট জুটিতে পোপ আর বাটলার মিলে যোগ করেন ১৪০ রান।
২৬২ রানের মাথায় পঞ্চম উইকেট হারায় ইংল্যান্ড। এরপরে আর মাত্র ১৮ রান যোগ করতেই তিন ব্যাটসম্যান ফিরেন সাজঘরে। ৩০০-এর নিচেই ইংল্যান্ডের ইনিংস শেষ হয়ে যাওয়ার আশঙ্কা সৃষ্টি হয়েছিল। কিন্তু, ঐ সময় হাল ধরেন স্টুয়ার্ট ব্রড।
তিনি টি-টোয়েন্টি ঘরানার ব্যাটিং করে ৪৫ বলে করেন ৬২ রান। ইনিংসে ছিল ৯ চার ও একটি ছক্কা। নবম উইকেট জুটিতে ডম বেসের সঙ্গে ব্রড ৭৬ রান যোগ করেন। তাতেই ইংল্যান্ডের মোটামুটি বড় একটা স্কোর গড়া সম্ভব হয়।
ওয়েস্ট ইন্ডিজ বোলারদের মধ্যে সবচেয়ে সফল ছিলেন পেসাররা। কেমার রোচ সর্বোচ্চ চারটি উইকেট নেন। আরেক পেসার শ্যানন গ্যাব্রিয়েল নেন দুইটি। অন্যদিকে অফ স্পিনার রোস্টন চেজ পান দুইটি উইকেট।
