ল্যাম্পার্ডকে ক্লপের জবাব

আপডেট : ২৫ জুলাই ২০২০, ২১:৫৩

  স্পোর্টস ডেস্ক

চেলসি কোচ ফ্রাঙ্ক ল্যাম্পার্ড দিনচারেক আগে লিভারপুল দলকে রীতিমতো ‘উদ্ধত’-ই বলে বসেছিলেন। তার জবাবে এবার লিভারপুল কোচ য়ুর্গেন ক্লপ জানালেন তার দল মোটেও এমন নয়। উলটো ল্যাম্পার্ডকেই বাক্যবাণে জড়ালেন তিনি।

গত বুধবার রোমাঞ্চকর এক ম্যাচে চেলসিকে ৫-৩ ব্যবধানে হারিয়ে শিরোপার উত্সব করে ক্লপের শিষ্যরা। এর আগে ডাগ আউটে প্রতিপক্ষ কোচ ল্যাম্পার্ডের সঙ্গে উত্তপ্ত বাক্যবিনিময় হয় লিভারপুল খেলোয়াড়দের। এরপর কোচ ল্যাম্পার্ড প্রতিপক্ষকে হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘শিরোপার স্বাদে দল যেন উদ্ধত না হয়ে যায় এ ব্যাপারে সজাগ দৃষ্টি রাখা উচিত লিভারপুলের।’

তারই জবাবে গত শুক্রবার এক সংবাদ সম্মেলনে ক্লপ বলেন, ‘আমরা মোটেও উদ্ধত নই। ফ্রাঙ্ক আগ্রাসী মেজাজে ছিল, একে সম্মান করতেই হবে। সে জিতে চ্যাম্পিয়ন্স লিগে জায়গা নিশ্চিত করতে এসেছিল। আমি এটাকে অনেক সম্মান করি। তবে তখন যা হয়েছে তা আবেগের বশে হয়েছে, এতে দোষের কিছু নেই।’

ল্যাম্পার্ডকে কোচ হিসেবে আরো পরিণত ও পেশাদার হওয়ার আহ্বান জানিয়ে ক্লপ বলেন, ‘শেষ বাঁশির পরে এ নিয়ে কথা বলা যাবে না আর, এটা ঠিক নয়; এটা শিখতে হবে তাকে। একজন তরুণ কোচের এসব নিয়ে শেখা উচিত।’

তিনি আরো যোগ করেন, ‘নিখাদ খেলাধুলার মানুষ হিসেবে শেষ বাঁশি বাজলেই বিষয়টি ভুলে যেতে হবে। সে তা করেনি আর সত্যি বলতে, এটা আমার পছন্দ নয়। আর আমি এ নিয়ে কথা বলছি, কারণ পরে সেও এ নিয়ে কথা বলেছিল।’ এদিকে কোচ ল্যাম্পার্ডও সেদিনের ম্যাচে বাগিবতণ্ডার সময়ে বাজে ভাষা ব্যবহারের জন্যে দুঃখ প্রকাশ করেন।