বিশ্বের ৮০ শতাংশ ইলিশ বাংলাদেশে উত্পাদন হয় .......মত্স্য ও প্রাণিসম্পদ মন্ত্রী

আপডেট : ২৫ জুলাই ২০২০, ২২:০২

পিরোজপুর অফিস

মত্স্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম এমপি বলেছেন, সরকার জাটকা সংরক্ষণে নানামুখী পদক্ষেপ গ্রহণ করায় বর্তমানে দেশের নদ-নদীতে ইলিশের উত্পাদন ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। গত বছর ৩৮ হাজার কোটি জাটকা ইলিশের সঙ্গে যুক্ত হয়েছে। ঐতিহ্যবাহী ইলিশ মাছ হারিয়ে যাওয়ায় মানুষের মধ্যে যে আশঙ্কা তৈরি হয়েছিল, বর্তমান সরকারের কঠোর পদক্ষেপের কারণে এখন বিশ্বের ৮০ শতাংশ ইলিশ মাছ বাংলাদেশে উত্পাদন হয় ।

জাতীয় মত্স্য সপ্তাহ উপলক্ষ্যে শনিবার সকালে পিরোজপুরের কঁচ নদীতে মাছের পোনা অবমুক্তকরণ শেষে হুলারহাট দারুশ শরিয়াত দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত এক সংক্ষিপ্ত সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী আরো বলেন, জাটকা রক্ষায় দলীয় লোকদের বাড়ি থেকেও অবৈধ জাল বের করে সেগুলো পুড়িয়ে দেওয়া হয়েছে। মত্স্য সম্পদ উত্পাদন বৃদ্ধিতে সরকার সবসময় কঠোর অবস্থান গ্রহণ করবে।

বর্তমান সরকারের আমলে মত্স্য সম্পদের ব্যাপক উন্নতি হয়েছে দাবি করে মন্ত্রী আরো বলেন, হারিয়ে যাওয়া দেশি প্রজাতির মাছগুলোকে বিলুপ্তি থেকে রক্ষা করতে সরকার কৃত্রিমভাবে সেগুলো উত্পাদন করে মানুষের কাছে পৌঁছে দিচ্ছে। বর্তমানে বিদেশে মাছ রপ্তানি করে বাংলাদেশ প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করছে এবং ভবিষ্যতে মত্স্য সম্পদই হবে বৈদেশিক মুদ্রা অর্জনের অন্যতম মাধ্যম।

এরপর মন্ত্রী পিরোজপুর সদর উপজেলা পরিষদ প্রাঙ্গণে মত্স্যচাষিদের মধ্যে মাছের পোনা বিতরণ করেন এবং সার্কিটহাউজে জেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভায় যোগ দেন। বিকালে তিনি পিরোজপুরে প্রেসক্লাব কমপ্লেক্সের নবনির্মিত ভবন পরিদর্শন শেষে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন।