সিরাজগঞ্জ প্রতিনিধি
করোনা, পুঁজি ও চামড়া রাখার পর্যাপ্ত ব্যবস্থা না থাকায় বিপাকে পড়েছেন সিরাজগঞ্জের চামড়া ব্যবসায়ীরা। সিরাজগঞ্জের চামড়া ব্যবসায়ী সূত্রে জানা গেছে, করোনার সঙ্গে পুঁজি সংকট এবং এ বছরই রেলওয়ের জায়গা থেকে অবৈধ উচ্ছেদের অংশ হিসাবে চামড়াপট্টি উচ্ছেদ করায় বিপাকে পড়েছেন তারা। অন্য দিকে ব্যাংক ঋণের অভাব এবং গত বছরের ট্যানারি মালিকদের কাছে পাওনা টাকা না পাওয়ায় তাদের এ অবস্থা। এ ব্যাপারে সরকারের জরুরি পদক্ষেপ নেওয়া দরকার বলে মনে করছেন।
চামড়া ব্যবসায়ীরা বলছেন, সারা বছরের চামড়ার বেশির ভাগ আসে কোরবানির পশু থেকেই। কিন্তু এবার বিনিয়োগের মূলধন যোগানো কঠিন হয়ে পড়বে। কাজিপুর উপজেলার ব্যবসায়ী মো. আমিনুল ইসলাম জানান, গত বছরের পাওনা টাকা এখনো ট্যানারি মালিকদের কাছ থেকে পান নি তাই এ বছর চামড়া কেনা নিয়ে দুশ্চিন্তায় আছেন।
সিরাজগঞ্জ জেলা চামড়া মালিক সমিতি সচিব জহুরুল ইসলাম দুলাল জানান, এ বছর রেলওয়ে কর্তৃক তাদের গোডাউন উচ্ছেদ হওয়ায় ট্যানারি মালিকদের কাছে পাওনা টাকা ও চাহিদামতো ব্যাংক ঋণ না পাওয়া তাদের সংকটে ফেলেছে। যদিও এখানে আবার ব্যবসার অনুমতি দিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। কিন্তু অনেক ব্যবসায়ী এখনো ঘর তুলতে পারেনি।
