ব্রিটেনের প্রিন্স হ্যারি এবং তার স্ত্রী মেগান মার্কেল রাজপরিবার নিয়ে প্রকাশিতব্য আলোচিত গ্রন্থ ‘ফাইন্ডিং ফ্রিডম’-এর বিশ্বাসযোগ্যতা রীতিমতো প্রশ্নের মুখে দাঁড় করিয়েছেন। বইটি নিয়ে যুক্তরাজ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। এতে রাজপরিবার নিয়ে মানুষের কৌতূহল মিটবে বলে জানানো হয়েছে। কিন্তু হ্যারি ও মেগান বইয়ে তাদের সম্পর্কে যা লেখা হয়েছে তা থেকে নিজেদের দূরে সরিয়ে নিয়েছেন। তারা বলেছেন, বইয়ে তাদের সম্পর্কে যা আছে সেটি যেন পাঠক নিজ দায়িত্বে বিশ্বাস করেন। কারণ, জীবনীটির জন্য তাদের সাক্ষাত্কার নেওয়া হয়নি এবং এতে তারা সক্রিয়ভাবে অবদান রাখেননি। শনিবার স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, ‘ফাইন্ডিং ফ্রিডম’ শিরোনামের বইটি আগস্টে প্রকাশিত হওয়ার কথা এবং এটি রাজপরিবার ও প্রেসের মাধ্যমে পাওয়া এই দম্পতির হতাশার বিষয়ে আলোকপাত করা কথা। তবে এই দম্পতির এক মুখপাত্রও তার বিবৃতিতে বলেছেন, ‘সাসেক্সের ডিউক এবং ডাচেসের সাক্ষাত্কার ওই বইয়ের জন্য নেওয়া হয়নি। বইটি প্রকাশ করার জন্য তারা কোনো রকমের সহযোগিতাও করেননি। তাই তাদের নাম ভাঙিয়ে যদি কিছু লেখা হয় এবং সেটা পাঠক যদি বিশ্বাস করেন তার দায় এই দম্পতির নয়।’ বিবৃতিতে আরো বলা হয়েছে, ‘এই বইটি লেখকের নিজস্ব অভিজ্ঞতার ভিত্তিতে লেখা হয়েছে বলে যেন পাঠক বিশ্বাস করেন।’ —এনডিটিভি
